সাংবিধানিক স্বীকৃতির দাবিতে দীঘিনালায় আদিবাসী সমাবেশ
পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের বাঙালি হিসেবে পরিচিতি দেওয়ার ফলে আদিবাসীদের অধিকার খর্ব এবং দেশের সব আদিবাসী জাতিসত্তাকে চরম অপমান করা হয়েছে। গতকাল শুক্রবার খাগড়াছড়ির দীঘিনালায় আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) দীঘিনালা ডিগ্রি কলেজের মাঠে এ আদিবাসী সমাবেশের আয়োজন করে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে খাগড়াছড়ির আট উপজেলা ছাড়াও রাঙামাটির নানিয়ারচর, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার আদিবাসীরা যোগ দেন। পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সহসভাপতি প্রফুল্ল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জনসংহতি সমিতির (এম এন লারমা) কো-চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সুধাসিন্ধু খীসা।সমাবেশে বক্তারা বলেন, পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের বাঙালি হিসেবে পরিচিতি দেওয়ার ফলে আদিবাসীদের অধিকার খর্ব এবং দেশের সব আদিবাসী জাতিসত্তাকে চরম অপমান করা হয়েছে। রাষ্ট্রধর্ম ইসলাম করে অন্য ধর্মাবলম্বীদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে।বক্তারা আরও বলেন, আর ভ্রাতৃঘাতী সংঘাত নয়। সাংবিধানিক অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আদায়ে আবারও রাজপথে আন্দোলন নামতে হবে।বক্তারা বলেন, ‘বর্তমানে সংসদে তিনজন আদিবাসী সাংসদ থাকলেও তাঁরা নিজের স্বার্থ ছাড়া আদিবাসীদের অধিকার সম্পর্কে কোনো কথা বলেননি। অথচ আদিবাসীদের ভালোবাসেন এমন চারজন বাঙালি সাংসদ আমাদের পক্ষে কথা বলেছেন। তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সাংসদেরা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ভবিষ্যতে এ সাংসদদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’