সুনামগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগ নিয়ে আদালতে মামলা দায়ের করেছেন এক প্রার্থী। সুনামগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে গত মঙ্গলবার মামলাটি দায়ের করেন ব্রাহ্মণগাঁও গ্রামের হাছন আলীর ছেলে মো. মুক্তাদির হোসেন।মামলায় সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।মামলায় বাদী উল্লেখ করেন, ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী নিয়োগ পরীক্ষার মেধাভিত্তিক ফলাফলে তিনি প্রথম হয়েছেন। কিন্তু নিয়োগ কমিটি দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তিকে নিয়োগ দেয়। মামলায় বাদী নিয়োগবিধি অনুয়ায়ী এই পদে তাঁকে নিয়োগ দেওয়ার পক্ষে আদেশ দেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিয়োগ কমিটির সদস্য হাবিবুর রহমান বলেন, ‘আমাকে কেন বিবাদী করা হলো জানি না। মেধা যাচাইয়ে মুক্তাদির প্রথম হয়েছে। সে অনুযায়ী আমি তালিকাও জমা দিয়েছি।’সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহিনয়া রহমান চৌধুরী জানান, নিয়োগে কোনো অনিয়ম হয়নি। মেধা যাচাইয়ে প্রথম বা দ্বিতীয় এখানে বিবেচনা করা হয় না। নিয়োগ কমিটি তিনজনের প্যানেল ঠিক করে পাঠায়। পরে সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একজনের নাম সুপারিশ করেন। সে অনুযায়ী তাঁকে নিয়োগ দেওয়া হয়।’উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, ‘ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী নিয়োগের তালিকায় মাননীয় সংসদ সদস্য একজনকে অনুমোদন দেওয়ার জন্য ইউএনওকে লিখেছেন। আমি দ্বিমত না করে তাতে স্বাক্ষর করেছি।’সাংসদ মতিউর রহমান বলেছেন, ‘নিয়োগ কমিটিতে যাঁরা আছেন, তাঁরাই নিয়োগ দেন। এখানে আমার বা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কিছু করার নেই। কোথাও অনিয়ম হয়েছে বলে আমার জানা নেই।’মামলার বাদীপক্ষের আইনজীবী অমিয়াংশ চৌধুরী জানান, নিয়োগ কমিটিতে সরাসরি না থাকলেও নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পক্ষে সুপারিশ করায় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।