সাংসদ, চেয়ারম্যানের আত্মীয়দের চাঁদাবাজি
‘রুট পারমিটের জন্য পাঁচ হাজার টাকা কালিয়া টেম্পো মালিক সমিতিতে জমা দিতি হয়। এ ছাড়া প্রতিদিন ২৫ টাকা দিতি হয় নসিব খানরে। এই টাকা না দিলি লাইনে গাড়ি চালাতি দেয় না। আমরা গরিব মানুষ। সেহানে মালিক সমিতি বানায়ে আমাগে আয় করা টাহায় ভাগ বসায় এমপি আর উপজেলা চেয়ারম্যানের আত্মীয়স্বজন।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন নড়াইলের বড়দিয়া-কালিয়া রুটের নসিমনচালক টুটুল মিয়া। নাম প্রকাশ না করার শর্তে নসিমন-করিমনের একাধিক চালক জানান, এ মাথায় (বড়দিয়ায়) উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাই নসিব খান আর ওই মাথায় (কালিয়া শহরে) নড়াইল-১ আসনের (কালিয়া ও নড়াইলের আংশিক) সাংসদ কবিরুল হকের চাচাতো ভাই দুলু বিশ্বাস নসিমন-করিমন চলাচল নিয়ন্ত্রণের নামে তাঁদের কষ্টার্জিত টাকা লুটেপুটে খাচ্ছেন। প্রায় ১০০ লোক বড়দিয়া-কালিয়া, বড়দিয়া-যোগানিয়া, কালিয়া-দীঘলিয়া, কালিয়া-তেরখাদা সড়কে নসিমন-করিমন চালিয়ে জীবিকা নির্বাহ করেন।সরেজমিনে দেখা গেছে, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া নৌবন্দর ঘাটের জায়গা দখল করে গড়ে উঠেছে নসিমন-করিমন স্ট্যান্ড। বড়দিয়া নৌবন্দর বাজার এলাকায় কালিয়া উপজেলা চেয়ারম্যান শামীমুর রহমান খানের বাড়ি। তাঁর চাচাতো ভাই নসিব খান নসিমন-করিমন থেকে চাঁদা আদায়ে নেতৃত্ব দেন বলে এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান।জানতে চাইলে নসিব খান বলেন, কালিয়া টেম্পো মালিক সমিতির উদ্যোগে এখানে স্ট্যাটার অফিস বসানো হয়েছে। প্রতিদিন গাড়িপ্রতি ২৫ টাকা করে আদায় করা হয়। এর মধ্যে পাঁচ টাকা টেম্পো মালিক সমিতিতে জমা দেওয়া হয়। বাকি টাকা অফিস খরচসহ বেতন হিসেবে নেওয়া হয়। টেম্পো মালিক সমিতির সম্পাদক মোশারেফ হোসেন বলেন, আদায়কৃত টাকা থেকে বিভিন্ন থানার পুলিশকে মাসোহারা দিতে হয়। এর সবকিছুই সভাপতি দুলু বিশ্বাস নিয়ন্ত্রণ করেন।সমিতির সভাপতি দুলু বিশ্বাস বলেন, নসিমন-করিমনের মালিকদের কাছ থেকে যে টাকা নেওয়া হয় তা সড়ক দুর্ঘটনার পর এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। এ টাকা থেকে পৌরকর পরিশোধ, বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ‘ম্যানেজ’ করতে হয়।লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল বলেন, ‘বড়দিয়া খেয়াঘাটের সরকারি জায়গার ওপর অবৈধভাবে নসিমন-করিমন স্ট্যান্ড বসিয়ে বখরা আদায় করা হচ্ছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলী আহসান বলেন, ‘উপজেলার বিভিন্ন রুটে নসিমন-করিমন চলাচল টেম্পো মালিক সমিতি নিয়ন্ত্রণ করে কি না, তা জানা নেই।’কালিয়া উপজেলা চেয়ারম্যান শামীমুর রহমান খান বলেন, ‘শুনেছি, কালিয়ায় টেম্পো মালিক সমিতি নামে একটি সমিতি আছে। তারা অন্যায়ভাবে কোনো কিছু করছে কি না, সে ব্যাপারে কেউ কখনো অভিযোগ করেনি।’ সাংসদ কবিরুল হক বলেন, ‘অবৈধভাবে যদি কেউ কিছু করে থাকে, তাহলে তাঁকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’