সাংসদ অনুসারীদের দৌরাত্ম্য ও বিভক্তির ফাঁকে চাঙা জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের পাঁচ বছরে আওয়ামী লীগের সাংসদ এ বি এম আবুল কাসেম মাস্টারের ছেলে ও অনুসারীদের দখল এবং দৌরাত্ম্যে সীতাকুণ্ডের সাধারণ মানুষের মধ্যে একধরনের ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। একই কারণে দলের মধ্যেও প্রকাশ্যে বিরোধ দেখা দেয়। অপকর্ম-বিভক্তির সুযোগে পৌর সদর, বাড়বকুণ্ড ও কুমিরায় বিরোধী দল বিশেষ করে জামায়াত-শিবিরের আধিপত্য বেড়েছে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৮ সালের সংসদ নির্বাচনে এ বি এম আবুল কাসেম বিএনপির আসলাম চৌধুরীকে হারিয়ে বিজয়ী হন। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তখনকার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল চৌধুরীও। নির্বাচনের পর সাংসদের একতরফা কর্মকাণ্ড ও অনুসারীদের দৌরাত্ম্যে দলীয় বিরোধ আরও চাঙা হয়ে ওঠে। আওয়ামী লীগে পাল্টাপাল্টি কমিটিও ঘোষণা করা হয়।
সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে আবুল কাসেমের ছেলে ও অনুসারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। তাঁর ছেলে এস এম আল মামুনের বিরুদ্ধে সোনাইছড়ি উপকূলে উপকূলীয় বন নিধন করে শিপব্রেকিং ইয়ার্ড তৈরি এবং জোরপূর্বক ইয়ার্ড দখলের অভিযোগ ওঠে। এ ছাড়া সাংসদ হয়ে আবুল কাসেম বিভিন্ন ইউনিয়নে কয়েকজন ঘনিষ্ঠ আস্থাভাজনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
বিভক্তি: গেল ইউপি নির্বাচনে সাংসদ আবুল কাসেম বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাদাকাত উল্লাহকে জিতিয়ে আনতে ভূমিকা রাখেন বলে অভিযোগ আছে। ছাদাকাত উল্লাহ তখনকার চেয়ারম্যান উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মহসিন জাহাঙ্গীরকে পরাজিত করেন। এর পর থেকে একসময় আওয়ামী লীগের দুর্গখ্যাত বাড়বকুণ্ডে আওয়ামী লীগে বিরোধ দেখা দেয়।
এই বিরোধের সুযোগ নিয়ে বিরোধী জোট বিশেষ করে জামায়াত নিজেদের সুসংহত অবস্থান তৈরি করে বলে জানা গেছে। কিছুদিন ধরে সীতাকুণ্ডের সবচেয়ে বেশি নাশকতার ঘটনা ঘটেছে বাড়বকুণ্ডে।
এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর বলেন, ‘অযোগ্যদের দিয়ে কমিটি বানিয়েছে। যার কারণে সংগঠন দুর্বল হয়ে পড়েছে। আমাদের এমপি এবং উপজেলা চেয়ারম্যান সর্বেসর্বা। তাঁরা অন্যের কথা শোনেন না। বর্তমান কমিটির নেতাদের যতক্ষণ বাদ দেওয়া যাবে না, ততক্ষণ আওয়ামী লীগ এখানে দাঁড়াতে পারবে না। জামায়াত বিএনপির জোয়ার থামানো যাবে না।’ তবে এ জন্য প্রশাসনকেও দুষছেন আওয়ামী লীগের বর্তমান কমিটির লোকজন।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, ‘বাড়বকুণ্ড ছিল একসময় আমাদের দুর্গ। সেখানে জামায়াত এভাবে ঘাঁটি তৈরি করেছে এটা অকল্পনীয়। তাদের ভয়ে কোণঠাসা আমাদের ছেলেরা। প্রশাসন এত দিন এ নিয়ে ভাবেনি, তাই এই অবস্থা তৈরি হয়েছে।’
সীতাকুণ্ডের সাংসদ বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত বছরের ৭ সেপ্টেম্বর কমিটি গঠন করা হয়। এরপর সাবেক সভাপতি মোস্তফা কামাল চৌধুরীপক্ষ মোতাহের হোসেন সিদ্দিকীকে আহ্বায়ক করে একটি পাল্টা কমিটি গঠন করে। কিন্তু গত এক বছরের বেশি সময় কোনো পক্ষই মাঠে নেই। ছলিমপুর, বারৈয়ারঢালা ও জোড়া আমতল এলাকায় মাঝেমধ্যে নামমাত্র মিছিল করা হয় আওয়ামী লীগের পক্ষে। একইভাবে সীতাকুণ্ড পৌর সদরের মেয়র আওয়ামী লীগের শফিউল আলমও এখন সাংসদের বিরাগভাজন হয়ে পড়েছেন। যার কারণে তিনি এখন পুরোপুরি নিষ্ক্রিয়। ছয় মাস ধরে পৌর এলাকায়ও জামায়াত-শিবিরের উত্থান দেখা গেছে। সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ ইকবাল আলী বলেন, ‘মূলত জামায়াত-শিবিরই নাশকতার সঙ্গে জড়িত। কমিউনিটি থেকে যদি আমরা সহযোগিতা না পাই, তাহলে যত পুলিশ দেওয়া হোক এটা কঠিন।’ বক্তব্য জানতে সাংসদ আবুল কাসেমকে ফোন করা হলেও তিনি ধরেননি।