সাংসদ অবরুদ্ধ, প্রতিশ্রুতি দিয়ে রক্ষা
নীলফামারী-৪ (সৈয়দপুর, কিশোরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মারুফ সাকলানকে গত রোববার রাতে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন দলের নেতা-কর্মীরা। দলের সঙ্গে সম্পর্ক না রাখা, নেতা-কর্মীদের বঞ্চিত করে ডিলার নিয়োগ ও চাকরি দেওয়া, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে রাত ১০টা থেকে একটা পর্যন্ত কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়।কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন বাবুল জানান, ‘জনগণের প্রত্যাশা পূরণ না করলে এ ধরনের ঘটনা ঘটাই স্বাভাবিক। তাঁর কর্মকাণ্ডের জন্য এখানে দল ২০ বছর পিছিয়ে গেছে।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এছরারুল হক প্রথম আলোকে বলেন, সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে দলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি তাঁর পরিবারের লোকজন নিয়ে ইউএনওর সঙ্গে বসে সরকারি সব প্রকল্প বণ্টন করেন। নির্বাচিত হওয়ার পর তিনি কোনোদিন দলের কার্যালয়ে বসেননি। তিনি তাঁর স্বজনদের মাধ্যমে ঘুষের বিনিময়ে জাতীয় পার্টি ও বিএনপির লোকজনকে ডিলার নিয়োগ ও চাকরির সুপারিশ করেছেন। এসব দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে দলের নেতা-কর্মীরা তাঁকে অবরুদ্ধ করেন। রাত একটার দিকে ভুল স্বীকার করে দলীয় লোকজনের সঙ্গে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিলে সাংসদকে মুক্তি দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জের ইউএনও জিয়া উদ্দিন জানান, সাংসদ মারুফ সাকলান দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে বসার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরুদ্ধ হওয়ার কথা স্বীকার করে সাংসদ মারুফ সাকলান প্রথম আলোকে বলেন, দলীয় নেতা-কর্মীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এ ঘটনায় মামলা করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা সবাই আমার দলের লোক। তাঁরা ভুল করলেও আমি ভুল করতে পারি না।’