সাংসদ-আ.লীগ নেতাদের আপত্তি উপেক্ষার মাশুল!
সাংসদ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের আপত্তি উপেক্ষা করে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ায় বরগুনার পাথরঘাটা উপজেলার মাদারতলী মাধ্যমিক বিদ্যালয়ের নয়জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা আট মাস ধরে স্থগিত রাখা হয়েছে। বেতন না পেয়ে শিক্ষক-কর্মচারীরা মানবেতর দিন কাটাচ্ছেন।ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মানুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ও নিয়োগ কমিটি গঠন করে গত ১৮ জানুয়ারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে মোকলেছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। ওই সময়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মান্নান কবির জানান, বিধি অনুযায়ী অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় মোকলেছুর রহমান প্রথম স্থান অধিকার করেন। কিন্তু পরবর্তী সময় স্থানীয় সাংসদ গোলাম সবুর তাঁকে ডেকে নিয়ে মোকলেছুর রহমানের নিয়োগ বাতিলের নির্দেশ দেন। এ নিয়ে টানাপোড়েনের মধ্যে মোকলেছুর রহমানের নিয়োগ-প্রক্রিয়াটি ঝুলে যায়। এ বিষয়ে মোকলেছুর রহমান গত বছরের ৯ নভেম্বর বরগুনা জেলা জজ আদালতে মামলা করেন। আদালত মোকলেছুর রহমানের নিয়োগকে বৈধ বলে ঘোষণা করেন। এরপর তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। পরে সাংসদ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করে আলমগীর হোসেনকে সভাপতি হিসেবে নিয়োগ দেন। নতুন সভাপতি মোকলেছুর রহমানকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাসংক্রান্ত বইয়ে স্বাক্ষরদান বন্ধ করে দেন। ফলে গত জানুয়ারি থেকে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না।প্রধান শিক্ষক মোকলেছুর রহমান জানান, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধের বিষয়টি চ্যালেঞ্জ করে গত ৪ মে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট গত ৬ মে এক আদেশে আগামী ছয় মাসের জন্য প্রধান শিক্ষকের নিয়োগ বহাল রেখে সব কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু হাইকোর্টের এই নির্দেশ উপেক্ষা করে এখন পর্যন্ত বিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম তিনি পরিচালনা করতে পারছেন না। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা আট মাস বেতন-ভাতা না পেয়ে পরিবার নিয়ে অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছেন বলে জানান তিনি।বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাওয়া খানম পরিবারের দুর্দশার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, এভাবে কোনো শিক্ষককে যেন রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির শিকার হতে না হয়। সহকারী শিক্ষক জালাল আহমেদের স্ত্রী হ্যাপি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামীকে অর্থাভাবে যথাযথ চিকিৎসা পর্যন্ত করাতে পারিনি। বলতে গেলে বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে। এখন ছেলেমেয়ে নিয়ে চরম দুর্দশার মধ্যে আছি, কী যে করব ভেবে পাচ্ছি না।’এ বিষয়ে সাংসদ গোলাম সবুর বলেন, বিষয়টি মীমাংসার জন্য হাইকোর্টে দায়ের করা রিটটি প্রত্যাহারের কথা ছিল। কথা ছিল মামলাটি প্রত্যাহারের পর বিদ্যালয়টির সব সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রধান শিক্ষক ছাড়া অন্যরা যাতে শিগগিরই বেতন-ভাতা পান, সে ব্যাপারে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন।