সাংসদ আজিজুল হক চৌধুরীকে নবাবগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের ক্ষমতাসীন দলের সাংসদ আজিজুল হক চৌধুরীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। গত বুধবার রাতে দলের কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। সাংসদের সমর্থকেরা এই হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে।দলীয় সূত্র জানায়, বুধবার রাতে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান দলীয় নেতা-কর্মীদের নিয়ে নবাবগঞ্জ থানাসংলগ্ন ডাকবাংলা মার্কেটে বৈঠক করছিলেন। এ সময় তাঁদের ওপর হামলা হয়।আমির হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, উপজেলা যুবলীগের সহসভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে রাকিবুল আতিদ, সোহেল মিয়া, মো. বদিউজ্জামান, বাবু মিঞা, আ. সাত্তারসহ ১০-১২ জন তাঁদের উপস্থিতিতেই আতাউর রহমানের ওপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর ভগ্নিপতি খায়রুল আলম, আওয়ামী লীগের কর্মী রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামও আহত হন। এ ঘটনায় আতাউর রহমান বাদী হয়ে রাকিবুল আতিদ, সোহেল মিয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে নবাবগঞ্জ থানায় মামলা করেন।হামলার জের ধরে গতকাল নবাবগঞ্জ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করে। পরে নেতা-কর্মীরা আজিজুল হক চৌধুরীর বিচার দাবি করে প্রধানমন্ত্রীর বরাবর নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্মারকলিপি দেন।সমাবেশে আমির হোসেন, আতাউর রহমানসহ নেতা-কর্মীরা অভিযোগ করেন, সাংসদ আজিজুল এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি, শিক্ষক নিয়োগ, কমিটি গঠন ইত্যাদি খাত থেকে লাখ লাখ টাকা উৎকোচ নিয়েছেন। এর প্রতিবাদ করায় সাংসদের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালায়।দুপুর দুইটায় ডাকবাংলা মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশে সাংসদের তীব্র সমালোচনা করা হয়। সমাবেশে আতাউর রহমান বলেন, সাংসদ তাঁর এলাকাকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক দবিরুল ইসলাম প্রমুখ। বক্তারা আজিজুল হক চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করে তিনি নবাবগঞ্জে এলে তাঁকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন। যুবলীগের নেতা মাহবুবুর রহমান প্রথম আলোর কাছে দাবি করে বলেন, সাংসদ নয়, আতাউর রহমানই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তির নামে বিপুল অর্থ নিয়েছেন। এ ব্যাপারে মুঠোফোনে আজিজুল হক চৌধুরীর সঙ্গে কথা বলতে অনেকবার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।নবাবগঞ্জ থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস প্রথম আলোকে বলেন, এটি আওয়ামী লীগের দলীয় ব্যাপার। ঘটনা তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও তিনি জানান।