সাংসদ আবু রেজা লাঞ্ছিত
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) থেকে নবনির্বাচিত সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন গতকাল শুক্রবার রাতে লোহাগাড়ায় এক অনুষ্ঠানে নাজেহাল হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লোহাগাড়ার চুনতিতে বার্ষিক সিরাতুন্নবী মাহফিলের অনুষ্ঠান মঞ্চে তাঁর দিকে দর্শক সারি থেকে জুতা ছুড়ে মারা হয় বলে জানা গেছে।
একই অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদিনও ছিলেন। তবে তিনি মঞ্চে ছিলেন না। জয়নাল আবেদিন একই এলাকার বাসিন্দা। মঞ্চে আরও ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম। জামায়াত-শিবির এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, প্রতিবছর চুনতি সিরাতুন্নবী মাঠে সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে এবার অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন। রাত পৌনে আটটার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। তিনি মঞ্চে ওঠার সময় তাঁর দিকে বেশ কিছু জুতা ও পাথর ছুড়ে মারা হয়। পরে মাহফিলের আয়োজকেরা তাঁকে উদ্ধার করে একটি মসজিদের ভেতর নিয়ে যান বলে জানা গেছে।
জানা গেছে, আবু রেজা অনুষ্ঠানস্থলে পৌঁছালে একই মঞ্চে বক্তব্য দিয়ে চলে যান আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম। তিনি নেমে যাওয়ার পর এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নাল আবেদিন এ সময় খাবারের আয়োজন যেখানে চলছিল, সেদিকে ছিলেন বলে জানা গেছে।
আবু রেজার সঙ্গে থাকা দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বলেন, ‘মঞ্চে ওঠার পরপরই দর্শকসারিতে বসা কিছু ছেলে আবু রেজাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। এ সময় আমরা তাড়াতাড়ি তাঁকে নিয়ে নেমে যাই। একটি মসজিদে গিয়ে সবাই অপেক্ষা করি। পরে ঘটনাস্থলে পুলিশ যায়। জামায়াত-শিবির এ ঘটনা ঘটিয়েছে।’
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।