
আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খানকে (মুক্তি) দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তারা এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে।
আমানুর ও সহিদুরের আগাম জামিন আবেদনের ওপর গত রবি ও সোমবার শুনানি হয়। আদালত আজ আমানুর ও সহিদুরের উপস্থিতিতে এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, আদালত আগাম জামিনের আবেদন নিষ্পত্তি করেছেন। আদেশে বলেছেন, দুই আবেদনকারীকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। তবে এই সময়ের মধ্যে পুলিশ তাঁদের গ্রেপ্তার বা হয়রানি করতে পারবে না।
আদালতের এ আদেশে বিস্মিত ও অসন্তুষ্ট উল্লেখ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাব। আদালত আবেদনকারীদের আগাম জামিন দেননি। কিন্তু এ আদেশে তাঁরা এক ধরনের আগাম জামিন ভোগ করবেন।’
২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রবীণ নেতা ফারুক আহমেদকে গুলি করে হত্যার পর তাঁর বাড়ির সামনে লাশ ফেলে রাখা হয়। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে আমানুর রহমান ও সহিদুর রহমানের নাম আসে।