সাংসদ আমানুর ও তাঁর ভাইদের বহিষ্কার করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ দলীয় সাংসদ আমানুর রহমান খান রানা ও তাঁর ভাইদের দলের সব স্তর থেকে বহিষ্কার এবং তাঁদের বিচারের আওতায় আনার দাবির মধ্য দিয়ে টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে গতকাল বিকেলে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুজ্জামান পাশা, জেলা তাঁতি লীগের আহ্বায়ক সোলায়মান হাসান প্রমুখ। প্রায় সব বক্তাই সাংসদ আমানুর ও তাঁর ভাইদের দল থেকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবি জানান। তাঁদের টাঙ্গাইলে রাজনৈতিকভাবে প্রতিহত ও প্রতিরোধ করার ঘোষণা দেন সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। ওই সভা থেকে স্থানীয় সাংসদ আমানুর ও তাঁর পরিবারকে টাঙ্গাইলে প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ জানুয়ারি শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার কাছ থেকে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। ২০১৪ সালের আগস্ট মাসে এই হত্যায় জড়িত থাকার অভিযোগে আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। এঁরা এ হত্যাকাণ্ডে টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান এবং তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান জড়িত থাকার কথা উল্লেখ করে আদালতে জবানবন্দি দেন। এরপর থেকে সাংসদ আমানুর ও তাঁর ভাইয়েরা এলাকা ত্যাগ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোকর্যালিসহ ফারুক আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে দুপুরে গণভোজ এবং দলীয় কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।