
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি সাংসদ আমানুর রহমান খান ওরফে রানাকে গতকাল সোমবার জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। আমানুর ও তাঁর ভাইদের বিচারের দাবিতে গতকাল টাঙ্গাইল শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
টাঙ্গাইল জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) রিতেশ চাকমা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাংসদ আমানুরকে কাশিমপুর-১ কারাগারে পাঠানো হয়েছে। বেলা তিনটার দিকে একটি মাইক্রোবাসে করে তাঁকে কাশিমপুরে নিয়ে যাওয়া হয়।
২২ মাস পলাতক থাকার পর সাংসদ আমানুর গত রোববার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই দিনই আমানুরকে টাঙ্গাইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসাকেন্দ্রে রাখা হয়েছিল। ফারুক আহমেদ হত্যা মামলায় আমানুরের অপর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ওরফে কাকন ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান ওরফে বাপ্পা অভিযোগপত্রভুক্ত আসামি।
আমানুর ও তাঁর ভাইদের বিচারের দাবিতে গতকাল সকালে শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, আমানুরের পক্ষে আওয়ামী লীগ-সমর্থিত কোনো আইনজীবী আদালতে যাননি। তিনি বিএনপি-জামায়াতের আইনজীবীদের নিয়ে আদালতে গিয়েছিলেন।
ফারুক আহমদের স্ত্রী ও মামলার বাদী নাহার আহমেদ বলেন, ‘আমানুর ও তাঁর ভাইদের বিরুদ্ধে অতীতেও অনেক মামলা হয়েছে। কিন্তু তাঁরা মামলার বাদী পক্ষকে ভয়ভীতি দেখিয়ে মামলা থেকে সরে যেতে বাধ্য করেছেন। আমি জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই খুনিদের বিচারের জন্য লড়ে যাব।’
সমাবেশে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান খান, তানভীর হাসান প্রমুখ বক্তব্য দেন।