সাংসদ আমানুরকে গ্রেপ্তারে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খানকে (মুক্তি) গ্রেপ্তার-হয়রানি না করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আমানুর ও সহিদুরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট-অন-রেকর্ড মোহাম্মদ আবদুল হাই।

আদেশের পর একরামুল হক সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ আদালতের আদেশের পর আমানুর ও সহিদুরকে গ্রেপ্তারে আইনগত কোনো বাধা নেই।

২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইলের প্রবীণ আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদকে গুলি করে হত্যার পর তাঁর বাড়ির সামনে লাশ ফেলে রাখা হয়। এ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিদের জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে আমানুর ও সহিদুরের নাম আসে। এরপর থেকে তাঁরা পলাতক ছিলেন।

পরে গত ৯ জুলাই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন আমানুর ও সহিদুর। ওই আবেদনের শুনানি শেষে ১৪ জুলাই হাইকোর্ট তাঁদের দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাঁদের হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দেন আদালত।

এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যায়। গতকাল রাষ্ট্রপক্ষের করা আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করেন আপিল বিভাগ।

আমানুরের দেহরক্ষী গ্রেপ্তার: টাঙ্গাইল প্রতিনিধি জানান,জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে সাংসদ আমানুর রহমান খানের দেহরক্ষী মোহাম্মদ সমীরকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুর রহমান জানান, বুধবার গভীর রাতে শহরের ঢাকা রোডের বিশ্বাস বেতকা গোডাউন সেতু এলাকা থেকে সমীরকে গ্রেপ্তার করা হয়।

ফারুক হত্যা মামলায় গত বছর গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলী ও আনিসুল ইসলাম রাজা তাঁদের জবানবন্দিতে ওই হত্যায় সমীরের জড়িত থাকার বিষয়টি বলেন। পুলিশ জানায়, ওই ঘটনার পর থেকেই সমীর পালিয়ে ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ওসি প্রথম আলোকে বলেন, গতকাল সমীরকে বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পরবর্তী তারিখে শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা জানান।