মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খান, তাঁর তিন ভাইসহ ১০ জন পলাতক আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া এই আদেশ দেন। এই বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হলে তাঁদের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পাদন করা হবে।
টাঙ্গাইল আদালতের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, গত ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাংসদ আমানুরসহ ১৪ জনের বিরুদ্ধে ফারুক হত্যা মামলার অভিযোগপত্র দায়ের করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে ১৫ মে আমানুরসহ পলাতক ১০ আসামির অস্থাবর সম্পত্তি ক্রোক এবং তাঁদের বিরুদ্ধে হুলিয়া জারির আদেশ দেন। পুলিশ অস্থাবর সম্পত্তি ক্রোক করে প্রতিবেদন আদালতে জমা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আসামিদের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পাদনের লক্ষ্যে তাঁদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি জারির আদেশ দিয়েছেন আদালত। পত্রিকায় আসামিদের হাজির হওয়ার বিজ্ঞপ্তি জারির পরও উপস্থিত না হলে তাঁদের অনুপস্থিতিতেই আদালতে মামলার বিচার কার্যক্রম শুরু হবে।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার বাসার সামনে থেকে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। জেলা ডিবি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের আগস্টে আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। পরে আদালতে তাঁদের জবানবন্দিতে ফারুক আহমেদের হত্যার সঙ্গে আমানুর ও তাঁর ভাইয়ের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে সাংসদ আমানুর রহমান খান, তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খানসহ ১০ জন পলাতক রয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আনিসুল ইসলাম রাজা, মোহাম্মদ আলী, সমীর মিয়া ও ফরিদ মিয়া কারাগারে আছেন।