সাংসদ আমানুরসহ চারজনকে গ্রেপ্তারে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় আওয়ামী লীগদলীয় সাংসদ আমানুর রহমান খান ওরফে রানাসহ চারজনকে হয়রানি ও গ্রেপ্তার না করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতই থাকছে। হাইকোর্টের দেওয়া ওই আদেশে স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এর ফলে যথাযাথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের গ্রেপ্তারে বাধা নেই।
সাংসদ আমানুরকে পুলিশ খুঁজছে২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসার কাছ থেকে ফারুকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এরপর ২১ জানুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়। তদন্তের একপর্যায়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত আগস্টে আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা সাংসদ আমানুরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
গত ২৭ আগস্ট আনিসুল ইসলাম ও ৫ সেপ্টেম্বর মোহাম্মদ আলী টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে সাংসদ ও তাঁর চার ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তি, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি জাহিদুর রহমান খান ওরফে কাঁকন ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সানিয়াত খান ওরফে বাপ্পার জড়িত থাকার বিষয়টি উঠে আসে। জবানবন্দির পরপরই আত্মগোপনে চলে যান জাহিদুর ও সানিয়াত।
১৭ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চে আমানুর, জাহিদুর ও বাপ্পা এবং তাঁদের ঘনিষ্ঠ বলে পরিচিত ছানোয়ার হোসেনের পক্ষে একটি রিট আবেদন করা হয়। আদালত রিটের শুনানি না হওয়া পর্যন্ত এই চারজনকে গ্রেপ্তারে নিষেধাজ্ঞার আদেশ দেন। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ১৯ নভেম্বর আপিল বিভাগে আবেদন করলে হাইকোর্টের আদেশটি স্থগিত করা হয়। আজ এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয় বলে জানান অ্যাটর্নি জেনারেল।