সাংসদ আমানুরের আগাম জামিনের বিষয়ে আদেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান (মুক্তি) আগাম জামিন পাবেন কি না, এ বিষয়ে আজ মঙ্গলবার আদেশ দেবেন হাইকোর্ট।
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে গতকাল সোমবার এ আদেশের দিন ধার্য ছিল। তবে আমানুর ও সহিদুরের আগাম জামিন আবেদনের ওপর গতকালও শুনানি হয়। তাঁদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, বাসেত মজুমদার ও শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। শুনানির সময় আমানুর ও সহিদুর আদালতে উপস্থিত ছিলেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, আবেদনকারীরা কেউ এই মামলার এজাহারভুক্ত আসামি নন। এজাহারভুক্ত না হলে আগাম জামিন পাওয়ার অধিকার রাখেন না। আবেদনকারীপক্ষ বলে, এই মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে আবেদনকারীদের নাম এসেছে। এ সময় রাষ্ট্রপক্ষ বলে, কিন্তু জামিনের আবেদনের সঙ্গে ১৬৪ ধারার ওই জবানবন্দি সংযুক্ত করা হয়নি।
পরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, ১৬৪ ধারার ওই জবানবন্দি আদালতে দাখিলের জন্য আবেদনকারীপক্ষ এক দিন সময় নিয়েছে। মঙ্গলবার (আজ) এ বিষয়ে আদেশের দিন রেখেছেন আদালত। আদেশের আগ পর্যন্ত তাঁদের গ্রেপ্তার না করতে আদালতের নির্দেশ বলবৎ থাকবে।
২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রবীণ নেতা ফারুক আহমেদকে গুলি করে হত্যার পর তাঁর বাড়ির সামনে লাশ ফেলে রাখা হয়। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে আমানুর রহমান ও সহিদুর রহমানের নাম আসে।