সাংসদ আমানুরের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ আমানুর রহমান খান রানা
সাংসদ আমানুর রহমান খান রানা

আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানার করা আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে স্বাভাবিক নিয়মে বিচারিক আদালতে মামলাটি চলবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।

বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে আমানুর রহমান খান রানার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হেদায়েত কবির খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার কাজল।

পরে জাহিদ সারোয়ার কাজল প্রথম আলোকে বলেন, এ মামলায় ৬ সেপ্টেম্বর আমানুর রহমানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত। এ অভিযোগ গঠন বাতিল চেয়ে তিনি গত ২৯ অক্টোবর হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন দায়ের করেন। হাইকোর্ট আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন। ফলে বিচারিক আদালতে স্বাভাবিক নিয়মে মামলাটি চলবে।

২০১৩ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০১৪ সালের আগস্টে পুলিশ এই হত্যায় জড়িত থাকার অভিযোগে আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী নামে আমানুরের দুই ঘনিষ্ঠ ব্যক্তিকে গ্রেপ্তার করে। আদালতে তাঁদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই হত্যায় সাংসদ আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে।