সাংসদ আমানুরের জামিন আবার নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সাংসদ আমানুর রহমান খান রানার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন। এ নিয়ে তিনবার এই আদালতে আমানুরের জামিন আবেদন নামঞ্জুর হলো।

গত বৃহস্পতিবার টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুরের পক্ষে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত আজ এ আবেদনের শুনানি নেন।

আমানুরের আইনজীবীরা যেকোনো শর্তে জামিন চান। তাঁরা বলেন, আমানুর জাতীয় সংসদের একজন সদস্য। জামিন পেলে কোনো অবস্থাতেই পালিয়ে যাবেন না।

জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান ও নুরুল ইসলাম, বাদীপক্ষের আইনজীবী জোয়াহেরুল ইসলাম, এস আকবর খান ও মোহসিন সিকদার।

দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর সাংসদ আমানুর গত ১৮ সেপ্টেম্বর এই আদালতেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। পরে গত ২৬ সেপ্টেম্বর এই আদালতে তাঁর জামিন চাওয়া হয়। আদালত তা নামঞ্জুর করেন।

গত ৯ অক্টোবর হাইকোর্টে বিচারপতি আবু জাফর সিদ্দিকীর আদালতে আমানুরের জামিন আবেদন করা হয়। আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ টাঙ্গাইলে তাঁর কলেজপাড়া এলাকার বাসার সামনে পাওয়া যায়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। প্রথমে থানার পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত শুরু করে। ২০১৪ সালের আগস্টে এই মামলার আসামি আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী গ্রেপ্তার হন। আদালতে তাঁদের স্বীকারোক্তিতে সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইয়ের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। এরপর থেকে সাংসদ ও তাঁর ভাইয়েরা আত্মগোপনে যান।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সাংসদ আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। গত ৬ এপ্রিল আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।