সাংসদ আমানুরের জামিন আবেদন আবার নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহমেদ হত্যা মামলা
ফারুক আহমেদ হত্যা মামলা

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সাংসদ আমানুর রহমান খানের জামিনের আবেদন তৃতীয় দফায় নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক আবুল মনসুর মিয়া তাঁর জামিন নামঞ্জুরের এই আদেশ দেন। এই আদালতে এ নিয়ে তিনবার তাঁর জামিনের আবেদন নাকচ হলো।
সাংসদ আমানুরের পক্ষে তাঁর আইনজীবীরা গত বৃহস্পতিবার জামিনের আবেদন করেন। আদালত রোববার এ আবেদনের শুনানি গ্রহণ করেন। আমানুরের আইনজীবীরা যেকোনো শর্তে জামিনের প্রার্থনা করেন। তাঁরা বলেন, আমানুর একজন সাংসদ। জামিন পেলে কোনো অবস্থাতেই পালিয়ে যাবেন না। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান ও নুরুল ইসলাম, বাদীপক্ষের আইনজীবী জোয়াহেরুল ইসলাম, এস আকবর খান ও মোহসিন সিকদার।
দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর আমানুর গত ১৮ সেপ্টেম্বর এই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। পরে গত ২৬ সেপ্টেম্বর এই আদালতে দ্বিতীয়বার তাঁর জামিন চাওয়া হয়। আদালত সেবারও তা নামঞ্জুর করেন।
সর্বশেষ ৯ অক্টোবর হাইকোর্টে বিচারপতি আবু জাফর সিদ্দিকীর আদালতে আমানুরের জামিনের আবেদন করা হয়। আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইলে কলেজপাড়া এলাকায় তাঁর বাসার সামনে পাওয়া যায়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। প্রথমে থানার পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত শুরু করে। ২০১৪ সালের আগস্টে এই মামলার আসামি আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী গ্রেপ্তার হন। আদালতে তাঁদের স্বীকারোক্তিতে সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইয়ের জড়িত থাকার বিষয়টি প্রকাশিত হয়। এরপর থেকে সাংসদ ও তাঁর ভাইয়েরা আত্মগোপনে যান।
এ বছর ৩ ফেব্রুয়ারি সাংসদ আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। গত ৬ এপ্রিল আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।