সাংসদ আমানুরের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহমেদ হত্যা মামলা
ফারুক আহমেদ হত্যা মামলা

আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সাংসদ আমানুর রহমান খানের জামিন আবেদন নাকচ হয়েছে। দুই দফা নিম্ন আদালতে খারিজ হওয়ার পর হাইকোর্টে তিনি আবেদন জানালে তা উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করে দেন হাইকোর্ট।

বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করেন।
আদালতে আমানুরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার।

আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, এফআইআরে আমানুর রহমান খানের নাম ছিল না। তিনি একজন সংসদ সদস্য। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। জামিন দেওয়া হলে তিনি পালিয়ে যাবেন না। এসব যুক্তিতে জামিন আবেদন করা হয়। আদালত আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে নাকচ করেছেন।

ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযুক্ত সাংসদ আমানুর দীর্ঘদিন পালিয়ে থাকার পর ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।