সাংসদ আমানুরের জামিন কেন নয় জানতে রুল
আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খানকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার সাংসদ আমানুরের জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে সাংসদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁর সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) আমিনুর রহমান চৌধুরী।
এর আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে সাংসদ আমানুর রহমান খানের দুবার জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্ট। আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। তিন দিন পর তাঁর স্ত্রী টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। এই মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করেন আমানুর। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে। নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।