সাংসদ আমানুরের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহমেদ হত্যা মামলা
ফারুক আহমেদ হত্যা মামলা

আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সাংসদ আমানুর রহমান খানের জামিন আবেদন আবার নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আবেদনটি নামঞ্জুর করেন।
টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বলেন, আমানুরের আইনজীবীরা সংসদের অধিবেশন শুরুর কথা উল্লেখ করে গত রোববার আদালতে জামিন আবেদন করেন। এতে তাঁরা বলেন, অধিবেশনে যোগ দিতে সংসদ থেকে আমানুরকে চিঠি দেওয়া হয়েছে।
আদালত গতকাল এই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করেন। শুনানিতে সাংসদের পক্ষে অংশ নেন আবদুল বাকী মিয়া, খন্দকার ফায়েকুজ্জামান, ফাইজুল ইসলামসহ অন্তত ২৫ জন আইনজীবী। আমানুরকে সংসদে যোগ দেওয়ার সুযোগ করে দিতে তাঁরা যেকোনো শর্তে অন্তর্বর্তী জামিন প্রার্থনা করেন। আর জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান ও নুরুল ইসলাম, জোয়াহেরুল ইসলামসহ ৩০ জন আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আবুল মনসুর মিয়া জামিন আবেদন নামঞ্জুর করেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম বলেন, ‘আমানুর রহমান আমাদের দলের সাংসদ। তাঁর জামিন আমাদেরই চাওয়ার কথা। কিন্তু তিনি একজন মুক্তিযোদ্ধা হত্যার সঙ্গে জড়িত। তাই আমরা তাঁর পক্ষে নেই। বরং তাঁর জামিন চাইছেন অন্য দলের সমর্থিত আইনজীবীরা।’
এদিকে আমানুরের বিচারের দাবিতে গতকাল সকালে আদালত চত্বরে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা মিছিল বের করেন।
ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযুক্ত সাংসদ আমানুর দীর্ঘদিন পালিয়ে থাকার পর ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।