আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের মেয়াদ বেড়েছে। হাইকোর্টের দেওয়া জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করে ওই দিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
জামিন চেয়ে সাংসদ আমানুরের করা আবেদনের শুনানি নিয়ে ১৩ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দেওয়ার পাশাপাশি তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ১৬ এপ্রিল আবেদন করে। সেদিন চেম্বার বিচারপতি জামিন ১৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করেন, সেই সঙ্গে উভয় পক্ষের শুনানির জন্য গতকাল দিন রাখেন। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী। আমানুরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও রুশো মোস্তফা। পরে রুশো মোস্তফা প্রথম আলোকে বলেন, আমানুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন। জামিন স্থগিত হওয়ায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। এর তিন দিন পর তাঁর স্ত্রী টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। এই মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি সাংসদ আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করেন আমানুর। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।