সাংসদ আমানুরের জামিন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানা হাইকোর্টে জামিন পাননি। বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল রোববার জামিন চেয়ে আমানুরের করা আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।
এর আগে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালত গত ২৬ সেপ্টেম্বর আমানুরের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ২ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন তিনি।
সাংসদ আমানুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার।
পরে আইনজীবী আবদুল মতিন খসরু বলেন, এজাহারে আমানুরের নাম ছিল না। সহ-আসামির স্বীকারোক্তিতে তাঁর নাম এসেছে, এটি নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়। আমানুর আইনসভার সদস্য। জামিন দেওয়া হলে তিনি পালাবেন না, এসব যুক্তিতে জামিন চাওয়া হয়। আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে নাকচ করেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার বলেন, দুই সহ-আসামির ১৬৪ ধারার স্বীকারোক্তিতে আমানুরের নাম এসেছে। এজাহারই সবকিছু নয়।