সাংসদ আমানুরের দেশত্যাগ রোধে সতর্ক পুলিশ
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খানের (মুক্তি) খোঁজে তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ। তাঁরা যাতে দেশ ছাড়তে না পারেন, সে জন্য ইমিগ্রেশন পুলিশকে জানানো হয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশ সূত্র জানিয়েছে, জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার দুজন আদালতে জবানবন্দিতে এ হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইয়ের জড়িত থাকার কথা জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য সাংসদ ও তাঁর তিন ভাইকে খুঁজছে পুলিশ। তবে সাংসদের অপর দুই ভাই জাহিদুর রহমান খান (কাঁকন) ও সানিয়াত খান (বাপ্পা) এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে মনে করছে পুলিশ।
জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাংসদ আমানুর ও তাঁর ভাই মেয়র সহিদুর যাতে কোনো ধরনের বন্দর (বিমান বা স্থল) ব্যবহার করে দেশের বাইরে যেতে না পারেন, সে জন্য ইমিগ্রেশন পুলিশকে ব্যবস্থা নিতে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক অশোক কুমার সিংহ। আমানুর ও তাঁর অপর তিন ভাইয়ের নাম, পরিচয়, পাসপোর্ট নম্বর ইমিগ্রেশন পুলিশকে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আমানুর ও সহিদুরকে ঢাকায় খুঁজে না পেয়ে টাঙ্গাইলে ফিরে এসেছে। নতুন একটি দল ঢাকায় গেছে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, সাংসদ ও মেয়রের অবস্থান জানতে গোয়েন্দা তৎপরতা চলছে। তাদের অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহারও করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রিভলবারসহ গ্রেপ্তার হওয়া স্বপন মিয়াকে বলেছেন, এই রিভলবার তাঁকে দিয়েছিলেন সাংসদ আমানুরের ভাই জাহিদুর।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ গত বছর ১৮ জানুয়ারি শহরের কলেজপাড়া এলাকায় তাঁর বাসার কাছ থেকে উদ্ধার করা হয়।