সাংসদ আমানুরের বিচারের দাবিতে গণমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাইদের দ্রুত বিচারের দাবিতে গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে গণমিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে সমাবেশের মধ্য দিয়ে গণমিছিল শেষ হয়। মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল থেকে আমানুর ও তাঁর ভাইদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেওয়া হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, আইনবিষয়ক সম্পাদক এস আকবর খান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তানভীর হাসান প্রমুখ বক্তব্য দেন।

এর আগে সকালে টাঙ্গাইলে কেন্দ্রীয় গোরস্থানে ফারুক আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের নেতা ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইলে তাঁর কলেজপাড়া এাকায় বাসার সামনে পাওয়া যায়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

গত বছরের ৩ ফেব্রুয়ারি সাংসদ আমানুর, তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেওয়া হয়।