
টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় দলীয় সাংসদ আমানুর রহমান খানসহ ১০ জনের বিরুদ্ধে হুলিয়া ও ক্রোক পরোয়ানা জারি করেছেন আদালত।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গত সোমবার মামলার ধার্য তারিখে জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া এ হুলিয়া ও অস্থাবর সম্পত্তি ক্রোকের পরোয়ানা জারি করেন। পরে গতকাল মঙ্গলবার আদালত থেকে পরোয়ানা থানায় পাঠানো হয়।
হুলিয়া ও ক্রোক পরোয়ানা জারির আদেশ পাওয়ার বিষয় নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানা-পুলিশের সূত্র জানায়, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন।
গত ৬ এপ্রিল আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আমানুরসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে মামলার তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান। এতে আমানুর ও তাঁর তিন ভাইসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়।
সাংসদ আমানুর ছাড়াও হুলিয়া ও ক্রোক পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন আমানুরের তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান (মুক্তি), ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা) ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) এবং সাংসদের ঘনিষ্ঠ সহযোগী কবির হোসেন, যুবলীগের তৎকালীন নেতা আলমগীর হোসেন (চান), নাসির উদ্দিন (নূরু), ছানোয়ার হোসেন, সাবেক পৌর কমিশনার মাসুদুর রহমান ও সাংসদের দারোয়ান বাবু।
মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে আনিছুল ইসলাম, মোহাম্মদ আলী, ফরিদ আহমেদ ও মোহাম্মদ সমীর কারাগারে আছেন। আমানুর ও তাঁর তিন ভাইসহ বাকি ১০ জন দীর্ঘদিন ধরে পলাতক। অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা ‘খুবই কৌশলী হওয়ায়’ তাঁদের দীর্ঘ দিনেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার সামনে পাওয়া যায়। তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় এ ঘটনায় মামলা করেন। মামলায় তিনি কোনো আসামির নাম উল্লেখ করেননি।
প্রথমে থানা-পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ আনিছুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলীর জড়িত থাকার তথ্য পেয়ে তাঁদের গ্রেপ্তার করে মামলার আসামি করে। ২০১৪ সালের আগস্টে আনিছুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী গ্রেপ্তার হন। আদালতে তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই সাংসদ আমানুর ও তাঁর ভাইদের এ হত্যায় জড়িত থাকা-সংক্রান্ত তথ্য বেরিয়ে আসে। তারপর থেকে সাংসদ ও তাঁর ভাইয়েরা আত্মগোপনে চলে যান।