সাংসদ আমানুরের হাজিরার খবরে দুই পক্ষের তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় আওয়ামী লীগদলীয় সাংসদ আমানুর রহমান খানসহ (রানা) অন্য আসামিরা আদালতে হাজির হতে পারেন—এমন খবরে গতকাল সোমবার টাঙ্গাইল আদালত এলাকায় পুলিশ পাহারা বসায়। আমানুর বা তাঁর কোনো ভাই শেষ পর্যন্ত আদালতে না এলেও তাঁদের ঘনিষ্ঠ সহযোগী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদালতে হাজিরা দেন। পরে একটি চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণের পর আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।
গতকাল টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে ফারুক আহমেদ হত্যা মামলার তারিখ ধার্য ছিল। এদিন সাংসদ আমানুর, তাঁর ভাইয়েরাসহ ফারুক হত্যা মামলার পলাতক ১০ আসামি আদালতে হাজির হবেন বলে পুলিশ জানতে পারে। তাঁদের ধরতে গতকাল সকাল থেকে টাঙ্গাইল আদালত এলাকায় প্রবেশের প্রতিটি সড়কে পুলিশ অবস্থান নেয়। টাঙ্গাইল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের খান পরিবারবিরোধী অংশের নেতা-কর্মীরাও জড়ো হন আদালত চত্বরে।
এদিকে আমানুরকে অভ্যর্থনা জানাতে তাঁর অনুসারী কিছু নেতা-কর্মী আদালতের অদূরে ডায়াবেটিক হাসপাতাল এবং হাজরা ঘাট এলাকায় সমবেত হন। খবর পেয়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
আদালত এলাকায় কর্তব্যরত জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য তাঁরা আদালত এলাকায় অবস্থান নিয়েছেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ পুলিশ তাঁর বাড়ির সামনে থেকে উদ্ধার করে। পরে তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। গোয়েন্দা পুলিশ ২০১৪ সালের আগস্টে আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করে। আদালতে তাঁরা স্বীকারোক্তি দেন, সাংসদ আমানুর ও তাঁর ভাইয়েরা এই হত্যাকাণ্ডে জড়িত।