সাংসদ আসলামকে আজ জিজ্ঞাসাবাদ করবে দুদক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হককে আজ বুধবার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ২৬ ফেব্রুয়ারি দুদক সাংসদ আসলামকে হাজির হতে নোটিশ দিয়েছিল।
দুদকের বিশেষ অনুসন্ধান ও দুদক সূত্র জানায়, ২০০৮ সালের হলফনামায় সাংসদ আসলাম ও তাঁর স্ত্রী মাকসুদা হকের নামে চার একর ১৯ দশমিক ৫ শতাংশ জমি ছিল। আর পাঁচ বছর পরে স্বামী-স্ত্রী মিলে ১৪ হাজার ৫৬৭ দশমিক ৫৪ শতাংশ জমির মালিক হয়েছেন। দুই হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, সাংসদ থাকাকালে আসলাম ও তাঁর স্ত্রীর জমি ১৪০ একরের বেশি বেড়েছে। আর এই বাড়তি জমির দাম দেখিয়েছেন এক কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা। জমির এই মূল্যকে অস্বাভাবিক বলেই মনে করছে দুদক।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি কমিশনের নিয়মিত বৈঠকে আসলামুল হকসহ সাতজনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।
এ ছাড়া সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চার ঊর্ধ্বতন বিরুদ্ধে ১৫ কোটি ৫২ লাখ টাকা সরকারের ক্ষতির করায় মামলার অনুমোদন দিয়েছে দুদক কর্তৃপক্ষ। অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক যতন কুমার রায় জানান, ২০০৬ সালের আগস্ট মাসে আলমগীর কবির প্রতিমন্ত্রী থাকাকালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডকে বাজারমূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ করে। এর মধ্যে থেকে ৩৯ কোটি তিন লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল।