অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৪ আসনের সরকারদলীয় সাংসদ আসলামুল হক এবং লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সাংসদ, বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া প্রকল্পের অনিয়ম সম্পর্কে জানতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদাকেও তলব করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে আসলাম ও এ্যানির ঠিকানায় এবং বিশেষ বাহকের মাধ্যমে রাজউক চেয়ারম্যানের কাছে পৃথক নোটিশ পাঠায় দুদক।
সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক শেখ মেসবাহ উদ্দিনের সই করা চিঠিতে মহাজোটের সাংসদ আসলামকে আগামী ৫ মার্চ অভিযোগের পক্ষে-বিপক্ষে নিজের বক্তব্য উপস্থাপনের জন্য হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এ্যানির অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক মঞ্জুর মোরশেদ। তিনি বিএনপি নেতা ও সাবেক সাংসদ এ্যানিকে আগামী ১৩ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছেন। দুই দলের সাংসদ ও রাজউক চেয়ারম্যানকে নোটিশ পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।
দুদকের বিশেষ অনুসন্ধান ও দুদক সূত্র জানায়, ২০০৮ সালের হলফনামায় সাংসদ আসলাম ও তাঁর স্ত্রী মাকসুদা হকের নামে চার একর ১৯ দশমিক ৫ শতাংশ জমি ছিল। আর পাঁচ বছর পর স্বামী-স্ত্রী মিলে ১৪ হাজার ৫৬৭ দশমিক ৫৪ শতাংশ জমির মালিক হয়েছেন। অথচ এই বাড়তি জমির দাম দেখিয়েছেন মাত্র এক কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা। জমির এই কম মূল্যকে অস্বাভাবিক বলেই সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।
এদিকে রাজউকের বিভিন্ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়ার অভিযোগে চেয়ারম্যান নুরুল হুদাকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক যতন কুমার রায় জানান, পূর্বাচল প্রকল্প, উত্তরা আবাসিক প্রকল্প ও উত্তরা সম্প্রসারিত প্রকল্প বরাদ্দে অনিয়মের অভিযোগ ওঠায় রাজউক চেয়ারম্যানের কাছে কিছু বিষয়ে সুস্পষ্ট বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য এ নোটিশ পাঠানো হয়েছে।