সাংসদ আসলামুল হকের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোতে প্রকাশিত ‘শিক্ষা ও সম্পদ দুটোই বেড়েছে আসলামুলের’ ও ‘সাংসদ বদিকে তলব করেছে দুদক, বাকি ছয় সাবেক মন্ত্রী ও সাংসদের কাছেও সম্পদের হিসাব চাওয়া হবে’ শীর্ষক দুটি প্রতিবেদনের প্রতিবাদ করেছেন ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আসলামুল হক।
প্রতিবাদপত্রে ২৬ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে বলা হয়, উপশিরোনাম ‘মুক্তিযোদ্ধাদের জমি দখল’, ‘প্রবাসীর জমি দখল’, ‘দখল করা জমিতে বিদ্যুৎকেন্দ্র’, ‘দাপট’, ‘মামলা ও জিডি’, ‘কেরানীগঞ্জ থেকে গাবতলী’বিশাল আকারে ভিত্তিহীন, বানোয়াট ও কল্পকাহিনির অবতারণা করে সাংসদ আসলামুল হকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: নবম ও দশম সংসদ নির্বাচনের আগে সাংসদ আসলামুল হক নির্বাচন কমিশনে হলফনামা জমা দেন। উভয় হলফনামার তথ্য পর্যালোচনা করে তাঁর শিক্ষাগত যোগ্যতা, মামলা, জিডি ও সম্পদের তথ্য গত ২৬ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু তথ্য দিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। এ ছাড়া বাকি তথ্যগুলো অনুসন্ধান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে এবং প্রমাণাদি যাচাই-বাছাই করে ছাপা হয়েছে। এ ব্যাপারে আসলামুল হকের বক্তব্যও ছাপা হয়েছে।
আসলামুলের বক্তব্য: ৫ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদে সাংসদ আসলামুল হক বলেন, অন্যের জমি দখল করার মতো ঘৃণিত কাজ সাংসদ হিসেবে তিনি করেননি। তাঁর দাবি, দুদকের পক্ষ থেকে তিনি কোনো নোটিশ পাননি।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের বরাতে ছাপা হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে সাংসদকে অভিযুক্ত করা হয়নি। আসলামুল হককে নোটিশ পাঠানো হয়েছে—এমন কোনো তথ্যও ছাপা হয়নি। বরং দুদকের কমিশনার শাহাবউদ্দীনকে উদ্ধৃত করে বলা হয়েছিল, কমিশনের প্রক্রিয়া শেষে উল্লিখিত সাংসদের সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ জারি করা হতে পারে।