খুলনার তেরখাদা উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৬ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২৫ জন। এ ঘটনায় দু-তিন হাজার মানুষকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে ২৬ জনকে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের বর্তমান সাংসদ মোল্লা জালাল উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাসের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পূর্ববিরোধের জেরে শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পদ্মবিলা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে মোল্লা জালাল ও শরফুদ্দিন বিশ্বাসের লোকজন। দুই পক্ষই বন্দুক, শাটারগান, পাইপগান, পিস্তল ও ঢাল-সড়কি-বল্লম নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।এলাকাবাসী জানায়, দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অসংখ্য গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ ছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।সংঘর্ষে উভয় পক্ষের ওমর আলী (৪০), হাবিবুল্লাহ বিশ্বাস (৫০), অলিদ ফকির (২৫), রবিউল শেখ (৩০), এস্কেন্দার মোল্লা (৩২), সাহানুর শিকদার (৩৫), রুহুল মোল্লা (৫৫), সৈয়েদ বিশ্বাস (২৪), বেনজির শেখ (৫০), উজ্জ্বল শেখ (২২), মনির শেখ (৩০), খোকন শেখ (৩০), জমির বিশ্বাস (৪৭) ও জাফর মোল্লাসহ (৩০) কমপক্ষে ১৬ জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া উভয় পক্ষে আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে খোকন শেখ, জমির বিশ্বাস ও জাফর মোল্লা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া আরও অনেকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শল্য চিকিৎসক অনুপ কুমার মজুমদার জানান, সেখানে গুলিবিদ্ধ ১৩ জন ভর্তি হয়েছেন।যোগাযোগ করা হলে সাংসদ মোল্লা জালাল উদ্দিন বলেন, শরফুদ্দিন বিশ্বাস উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে লোকজনকে হয়রানি করছেন। তাঁর ইঙ্গিতেই এসব হামলার ঘটনা ঘটছে।তবে চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বলেন, ‘মোল্লা জালালের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। এতে আমার ভাই জমির বিশ্বাস এবং খোকন ও জাফর গুরুতর আহত হয়েছেন।’ খুলনার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, সংঘর্ষে দুই পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এ সময় শতাধিক গুলি হয়।তেরখাদা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ-উজ-জামান বলেন, দুই পক্ষের কেউ মামলা বা অভিযোগ দেয়নি। তবে পুলিশ বাদী হয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ ২৬ জনকে গ্রেপ্তার করেছে। ১০০ সড়কি ও আটটি ঢাল উদ্ধার করা হলেও এখনো কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।