সাংসদ একরামুলের দল ছাড়ার বক্তব্য ভাইরাল, পরে অবস্থান বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ কামালের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। দুপুরে নোয়খালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে।
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ ছাড়া নিয়ে নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর একটি বক্তব্য ফেসবুকে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি ওই বক্তব্য দেন।

বিকেলে অবশ্য সাংসদ নিজের ফেসবুকে লাইভে এসে অবস্থান বদল করেন। তিনি দাবি করেন, তাঁর আগের বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে এসেছে। আওয়ামী লীগের সঙ্গে থাকার ঘোষণা দেন তিনি।

একরামুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই অনুষ্ঠান হয়।

নোয়াখালী কেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমি থাকব না। নিজেদের ইনকাম দিয়ে...এই রাজনীতি করার চেয়ে না করাই ভালো।
একরামুল করিম চৌধুরী, সাংসদ নোয়াখালী-৪ আসন, দুপুরে শেখ কামালের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে

অনুষ্ঠানে সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমার ছেলে ও আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা রাজনীতির সাথে থাকব না। নোয়াখালীর রাজনীতির সাথে। নোয়াখালী কেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমি থাকব না। নিজেদের ইনকাম দিয়ে...এই রাজনীতি করার চেয়ে না করাই ভালো। আমি সেলিম (জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী) ভাইকে বলব, একটু শক্ত হাতে ধরেন। আপনি দুই-দুবারের সভাপতি। এই বাচ্চা পোলাদের কাছে ছেড়ে দিবেন দলটাকে। লুটেপুটে খাই ফেলবে। একদম লুটেপুটে খেয়ে ফেলবে। আপনি আমাকে পছন্দ না করলে একজন ভালো, ম্যাচুরড (পরিপক্ব) লোক নিয়ে রাজনীতি করেন।’

দলীয় নেতা-কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নেন সাংসদ একরামুল। তিনি বলেন, ‘নেতা-কর্মীদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। এবারের ১৫ আগস্টে আমি মনে হয় আগের মতো থাকতে পারব না। কারণ, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে আমার রক্তের মধ্যে শোকের কান্না হয়। এই শোকের কান্নায় যখন আমি কিছু করতে পারি না, তখন হৃদয়ে ক্ষরণ হয়।’
দুপুরে এই বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্রুতই সেটি ছড়িয়ে পড়ে। নানাজন নানা ধরনের মন্তব্য করতে থাকেন। এ অবস্থায় তিনি বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে লাইভে আসেন।

এ সময় সাংসদ একরামুল বলেন, যাঁরা বঙ্গবন্ধুকে পঁচাত্তর সালে মৃত্যুর পর ফেরাউন বলেছিলেন, তাঁদের উদ্দেশে তিনি ওই অনুষ্ঠানে কিছু কথা বলেছিলেন। তিনি বলেন, ‘এঁরা চায় আমি যেন রাজনীতিতে না থাকি। গত সম্মেলনে যাঁরা পিটিয়ে আমার ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের পিঠের চামড়া উঠিয়ে ফেলেছেন, তাঁদের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম।’ একটি টিভি চ্যানেলের নাম উল্লেখ করে তিনি বলেন, তারা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে আওয়ামী লীগে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে।

আমার পরিবারের অনেকে চায় রাজনীতিটা ছেড়ে দিই। কিন্তু যারা আওয়ামী লীগ করে, তাদের রক্তের মধ্যে হলো নেশা। একবার আওয়ামী লীগ করলে আর ছাড়তে পারে না।
একরামুল করিম চৌধুরী, সাংসদ নোয়াখালী-৪ আসন, বিকেলে ফেসবুক লাইভে এসে

সাংসদ আরও বলেন, ‘আওয়ামী লীগ আমার প্রাণ। হ্যাঁ, আমার পরিবারের অনেকে চায় আমি রাজনীতিটা ছেড়ে দিই। কিন্তু যারা আওয়ামী লীগ করে, তাদের রক্তের মধ্যে হলো নেশা। তারা একবার আওয়ামী লীগ করলে আর ছাড়তে পারে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে একরামুল করিম বলেন, ‘যারা আমার জাতির পিতাকে ফেরাউনের সাথে তুলনা করেছে, এত দিন পরে হলেও আপনার তাদের বিচারের আওতায় আনা উচিত।...আমি নোংরা রাজনীতি করি না। নোংরা রাজনীতি করলে অনেক আগেই অনেক কিছু ঘটত নোয়াখালীতে।’