সাংসদ একাই গেলেন দুর্গম চরে, দাঁড়ালেন পাশে
বখাটেদের উত্ত্যক্ত ও ধর্ষণের চেষ্টার শিকার হওয়া নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক উচ্চবিদ্যালয়ের সেই ছাত্রীর পাশে দাঁড়ালেন স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে সাংসদ একরামুল করিম ওই ছাত্রীর বাড়িতে গিয়ে হাজির হন। তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে একাকী জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরের ওই বাড়িতে যান। গ্রামবাসীর মধ্যে আবু তাহের জানান, এত সকালে একজন সাংসদ তাঁদের গ্রামে এসেছেন, এ খবর তাঁরা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। স্বচক্ষে দেখার পর তাঁদের বিশ্বাস হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে গ্রামবাসীর অনেকে জমায়েত হন। তাঁরা এ সময় তাঁদের দুঃখে পাশে এসে দাঁড়ানোয় সাংসদকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাংসদ একরামুল এ সময় উপস্থিত লোকজনের উদ্দেশে ছাত্রী উত্ত্যক্তকারী বখাটেদের দেখামাত্র পুলিশকে বা তাঁকে (সাংসদ) জানানোর অনুরোধ করেন। এ সময় তিনি ওই ছাত্রীর পড়ালেখা অব্যাহত রাখার জন্য তাঁর মায়ের হাতে ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা তুলে দেন।একরামুল করিম চৌধুরী নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাড়িতে যাওয়ার কথা স্বীকার করে গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের বিপদে পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই তিনি ওই বাড়িতে গেছেন। চরক্লার্ক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে (১৪) মোহাম্মদপুর ইউনিয়নের চরআলাউদ্দিন গ্রামের বাড়ি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই একই গ্রামের মিয়া মাঝি ও নাছির মাঝি নামে দুই বখাটে উত্ত্যক্ত করত। এ কারণে প্রায় তিন মাস আগ থেকে ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। গত ২৪ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে ওই দুই বখাটে ঘরের দরজা ভেঙে ওই ছাত্রীকে ঘর থেকে তুলে সম্ভ্রমহানির চেষ্টা চালায়।