সাংসদ একাই ১১টি প্রতিষ্ঠানের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম অনুযায়ী একজন সাংসদ তাঁর সংসদীয় আসনের সর্বোচ্চ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে পারেন। তবে ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মো. দবিরুল ইসলাম ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন।
সাংসদ দবিরুল ইসলাম বলেন, ‘অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা স্বপ্রণোদিত হয়ে আমাকে সভাপতি করেছেন। এভাবে হয়তো সংখ্যাটি বেড়ে গেছে। সরকারি বিধি বিবেচনা করে সেসব প্রতিষ্ঠানের দায়িত্ব ছেড়ে দিচ্ছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, সাংসদ দবিরুল হরিপুর উপজেলার মোসলেম উদ্দীন ডিগ্রি কলেজ, কাঁঠালডাঙ্গী কেবি ডিগ্রি কলেজ, মেদনিসাগর কারিগরি কলেজ, হরিপুর পাইলট উচ্চবিদ্যালয়, রনহট্টা চৌরঙ্গী উচ্চবিদ্যালয়, বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি ডিগ্রি কলেজ, লাহিড়ী ডিগ্রি কলেজ, শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, বালিয়াডাঙ্গী বালিকা উচ্চবিদ্যালয়, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ, রানীশংকৈল উপজেলার কাদিরহাট উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দবিরুলের ভাই মোহাম্মদ আলী চারটি, মো. কামরুজ্জামান দুটি, সফিকুল ইসলাম চারটি ও সাংসদের ছেলে মাজহারুল ইসলাম একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট কলেজ ও বিদ্যালয় সূত্র জানায়, দবিরুল ইসলাম তাঁর নির্বাচনী এলাকার সাতটি কলেজের সভাপতি আছেন। এ অবস্থায় তিন-চার বছরে মোসলিম উদ্দীন ডিগ্রি কলেজে আটটি, কাঁঠালডাঙ্গী কেবি ডিগ্রি কলেজে দুটি, মেদনিসাগর কারিগরি কলেজে চারটি, সমির উদ্দীন স্মৃতি ডিগ্রি কলেজে স্নাতক (সম্মান) পর্যায়ে ১৩টি, শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের স্নাতক (সম্মান) কোর্সের চারটি বিভাগে ১২টি, লাহিড়ী ডিগ্রি কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ ১৯টি পদে মোট ৫৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যালয় পর্যায়ে কাদিরহাট উচ্চবিদ্যালয়ে পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সোলায়মান আলী বলেন, ‘কলেজে কয়েক দিনের মধ্যে পাঁচটি শিক্ষক ও পাঁচ-ছয়টি কর্মচারী পদে নিয়োগ দেওয়া হবে। এমপি মহোদয় এ সময় আমার কলেজের সভাপতির পদ ছাড়বেন বলে মনে হয় না।’
জানতে চাইলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য বলেন, সরকারি বিধি অনুযায়ী একজন সাংসদ তাঁর এলাকার চারটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারেন না। ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ কয়টি কলেজ কমিটির সভাপতি, তা কলেজ পরিদর্শক বলতে পারবেন।
বোর্ডের কলেজ পরিদর্শক মো. ফারাজ উদ্দিন তালুকদার বলেন, ‘আসলে আমরা এ বিষয়ে তেমন সিরিয়াসলি বলতে পারি না। বলতে গেলে অনেক প্রবলেম হয়। তবু বিষয়টি দেখব।’ বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন বলেন, একজন সাংসদ কয়টি প্রতিষ্ঠানের সভাপতি হচ্ছেন, সে হিসাব রাখা খুব কঠিন।