সাংসদ এনামুলকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-৪ আসনের সরকারদলীয় সাংসদ এনামুল হককে গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংসদ এনামুল হককে জিজ্ঞাসাবাদ করেন সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক যতন কুমার রায়। তিনি জানান, জিজ্ঞাসাবাদে সাংসদ পরোক্ষভাবে স্বীকার করেছেন, তাঁর যথেষ্টের চেয়ে বেশি সম্পদ রয়েছে।
অন্যদিকে জিজ্ঞাসাবাদ শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের এনা প্রপার্টিজের মালিক ও সাংসদ এনামুল হক বলেন, ‘হলফনামা এবং দুদকের কাছে দেওয়া সব তথ্যই এক ও সঠিক। এর বাইরে আমার কোনো সম্পদ নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার কোনো অবৈধ সম্পদ নেই।’
হলফনামা অনুযায়ী, ২০০৮ সালে বেতন-ভাতা থেকে তাঁর বছরে আয় ছিল ২০ লাখ টাকা। পাঁচ বছর পরে এখন কৃষি, বাড়ি ও দোকান ভাড়া, ব্যবসা ও পেশা থেকে বছরে আয় ৫০ লাখ টাকা। এ ছাড়া তাঁর নিজের, স্ত্রীর ও নির্ভরশীলদের মোট ১৬ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকার সাধারণ শেয়ার, স্ত্রীর অস্থাবর সম্পদ পাঁচ বছরে বেড়ে দাঁড়িয়েছে আট কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ৫০০ টাকায়। নগদ হিসাবে নিজের ১০ লাখ টাকা ও স্ত্রীর হাতে পাঁচ লাখ টাকা দেখিয়েছেন।