সাংসদ এনামুলকে দুদকের জিজ্ঞাসাবাদ
হলফনামায় অতিরিক্ত সম্পদের বিবরণ প্রদান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী-৪ আসনের সরকারদলীয় সাংসদ এনামুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাঁকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক যতন কুমার রায়।
যতন কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে সাংসদ নিজেকে নির্দোষ দাবি করেন। তবে তিনি পরোক্ষভাবে স্বীকার করেছেন যে তাঁর যথেষ্ট সম্পদের চেয়ে বেশি সম্পদ রয়েছে।’
নবম সংসদের ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর হলফনামা নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরু হয়। গণমাধ্যমে প্রকাশিত ৭০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদের হলফনামা ও বিভিন্ন সূত্রে পাওয়া অস্বাভাবিক সম্পদের তথ্য থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, পানি প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাংসদ আসলামুল হক, এনামুল হক ও কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদক প্রাথমিক অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেয়। তাঁদের সঙ্গে বিএনপির দুই সাবেক সাংসদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ও মশিউর রহমান এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের বিরুদ্ধেও প্রাথমিক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
সাংসদ এনামুল হক ২০০৮ সালে বেতন-ভাতা থেকে আয় করেন ২০ লাখ টাকা। হলফনামার বিবরণ অনুসারে কৃষি, বাড়ি ও দোকান ভাড়া, ব্যবসা ও পেশা থেকে বছরে তাঁর আয় ৫০ লাখ টাকা। তাঁর স্ত্রীর ২ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকার অস্থাবর সম্পদ বেড়ে হয়েছে ৮ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
আরও জানতে পড়ুন
৩৫ কোটি টাকা গোপন করেছেন সাংসদ এনামুল