সাংসদ এনামুলের আচরণে বিধি মানার লক্ষণ নেই

দলীয় মনোনয়ন পেয়ে রাজশাহী–৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সাংসদ এনামুল হক এলাকায় ফিরেছেন সহস্রাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহর নিয়ে। সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তত ২২ জন। এরপর তিনি এলাকায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু না হলেও সাংসদের পোস্টার সাঁটানো শুরু হয়েছে।
অথচ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তিনি এর কোনোটিই করতে পারেন না। সাংসদের এমন আচরণের পরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির নেতারা।
নির্বাচনের আচরণ বিধিমালায় বলা আছে, কোনো প্রার্থী কিংবা তাঁর পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি নির্বাচন–পূর্ব সময়ে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান করতে বা প্রদানের অঙ্গীকার করতে পারবেন না। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচারণাও চালানো যাবে না। আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো বিধান লঙ্ঘন করলে অনধিক ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক প্রামাণিক বলেন, সাংসদ এনামুল নির্বাচনের আচরণবিধির তোয়াক্কাই করছেন না। তিনি প্রকাশ্যে ভোটারদের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ডেকে বিভিন্ন ধরনের উপহার দিচ্ছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিএনপির নেতাদের অভিযোগ ও এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার সকালে সাংসদের ব্যবসাপ্রতিষ্ঠান সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ডেকে সোয়েটার দেওয়া হয়। একই দিনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া অনুদানের চেকও বিতরণ করেন এনামুল হক।

গতকাল সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সাত হাজার নারী চার্জার ভ্যান, অটোভ্যান, ভটভটিতে করে সাংসদের ব্যবসাপ্রতিষ্ঠান সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে পৌঁছান। অনেক অটোভ্যানের পেছনে সাংসদের ছবি ও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানানো সংবলিত ব্যানারও ছিল। উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে সকাল ১০টায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন এনামুল হক।
সভায় উপস্থিত কয়েকজন নারী বলেন, নৌকায় ভোট দিতে হাত উঠিয়ে তাঁদের শপথ করানো হয়েছে। পরে প্রত্যেককে সাংসদের পোশাক কারখানা সাঁকোয়া টেক্সের তৈরি একটি করে সোয়েটার দেওয়া হয়। এই প্রতিবেদক কমপক্ষে তিন শ নারীর হাতে সোয়েটার দেখেছেন ও তাঁদের সঙ্গে কথাও বলেছেন। তাঁরা সোয়েটার পাওয়ার কথা স্বীকার করেছেন।
এদিকে প্রতীক বরাদ্দ ও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই এনামুল হকের পোস্টার ছাপিয়ে তা সাঁটানো হয়েছে। গতকাল দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের বাইরের দেয়ালে সাঁটানো বেশ কিছু নির্বাচনী পোস্টার দেখা যায়।
নির্বাচন বিষয়ে গণমাধ্যমে কথা বলার জন্য সাংসদের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক নুরুল ইসলামকে। তিনি দাবি করেন, সভায় নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। কাউকে সোয়েটার দেওয়া হয়নি। পোস্টার সাঁটানোর বিষয়ে তিনি বলেন, পরীক্ষামূলকভাবে কার্যালয়ের সামনে একজন কর্মচারী সাঁটিয়েছেন। কর্মচারী জানেন না যে এটা লাগানো যাবে না।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাগমারার ইউএনও জাকিউল ইসলাম বলেন, নির্বাচনের আচরণ বিধিমালা অনুসারে এসব করা যাবে না। তিনি বিষয়গুলো জানেন না। প্রার্থীদের সঙ্গে কথা বলে সতর্ক করা হবে।