সাংসদ এনামুলের বিরুদ্ধে দুদকের মামলার প্রস্তুতি
চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পদের তথ্য না দেওয়ায় সরকারদলীয় সাংসদ এনামুল হকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের তথ্যও জমা দেননি তিনি।
এনামুল হক রাজশাহী-৪ আসনের সাংসদ। তিনি আবাসনপ্রতিষ্ঠান এনা প্রপার্টিজের স্বত্বাধিকারী।
এ বিষয়ে জানতে চাইলে দুদকের কমিশনার (তদন্ত) মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, দুদক প্রাথমিক পর্যায়ের অনুসন্ধানে হলফনামার বাইরেও সাংসদ এনামুলের বিপুল সম্পদের অস্তিত্ব পেয়েছে। এ কারণে সাংসদকে নিজের ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের তথ্য জমা দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি দুদকের অনুসন্ধান কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী তথ্য জমা দেননি। তাই সাংসদের নামে ‘নন সাবমিশন’ মামলা করা হবে। এর পাশাপাশি আগে তাঁর বিরুদ্ধে ‘অতিরিক্ত সম্পদ অর্জনের’ অভিযোগ অনুসন্ধানের কাজও চলবে।
দুদক আইন অনুযায়ী, ‘নন সাবমিশন’ মামলায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড সাজা হয়ে থাকে।
সাংসদ এনামুলের দুদকে সম্পদ বিবরণী জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ মার্চ। কিন্তু তাঁর প্রতিনিধি তা জমা দিতে দুদকে যান ১ এপ্রিল।
এ বিষয়ে টেলিফোনে সাংসদ এনামুল জানান, তিনি সম্পদ বিবরণী ঠিক সময়েই জমা দিতে গিয়েছিলেন। কিন্তু দুদক তা গ্রহণ না করায় তিনি এটি আদালতে উপস্থাপন করেন। আদালত তাঁর পক্ষেই রায় দেন। তাই দুদককে এটি অবশ্যই গ্রহণ করতে হবে।
কিন্তু সাংসদ এনামুল আদালতের কাছে কী আবেদন করেছেন বা কখন করেছেন, তা জানে না দুদক কর্তৃপক্ষ। জানতে চাইলে সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক যতন কুমার রায় এবং কমিশনার মো. শাহাবুদ্দিন উভয়েই জানান, তাঁদের কেউই এ-সংক্রান্ত আদালতের কোনো কপি পাননি।
কমিশনে জমা দেওয়া প্রাথমিক পর্যায়ের অনুসন্ধান প্রতিবেদনে যতন কুমার রায় জানান, এনা প্রপার্টিজের এই স্বত্বাধিকারীর বিপুল সম্পদের পেছনে আর্থিক দুর্নীতির তথ্য পাওয়া গেছে। এ ছাড়া দুই করবছরে তিনি মোট ৩৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার তথ্য গোপন করেছেন। এই অর্থকে ‘কালোটাকা’ বা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন দুদক কর্মকর্তা।
প্রতিবেদনে বলা হয়, এনা প্রপার্টিজ আয়কর দাখিলের সময় এক নিরীক্ষা প্রতিবেদন এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময়ে আরেক নিরীক্ষা প্রতিবেদন দাখিল করে। ২০০৮-০৯ করবছরে এভাবে সাংসদ ৩১ কোটি ৮৯ লাখ টাকা গোপন করেছেন।
১২ জানুয়ারি সাংসদ এনামুলসহ সাত সাবেক ও বর্তমান সাংসদের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।