দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠির ওপর ভিত্তি করে সরকারদলীয় সাংসদ এনামুল হকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে না নির্বাচন কমিশন। তিনি ও তাঁর প্রতিষ্ঠান সরকারের সঙ্গে ব্যবসা করছে—এ অভিযোগ তুলে আইনি ব্যবস্থা নিতে বলেছিল দুদুক। গতকাল রোববার কমিশনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিশন মনে করছে, এ বিষয়ে তাদের কিছু করণীয় নেই।তবে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী এনামুল হক সাংসদ পদে থাকার অযোগ্য। কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিতে পারে।কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশন এ বিষয়ে দুদক কিংবা সংসদ সচিবালয়কে কোনো চিঠিও দেবে না। তবে সংসদ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে চিঠি দেওয়া হলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, এনামুল হকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কিছু করতে হলে তা সংসদকে করতে হবে।গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(ট) ধারা অনুযায়ী সরকারের সঙ্গে কোনো ব্যক্তির ব্যবসায়িক সম্পর্ক থাকলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এবং থাকার যোগ্য হবেন না। এই আইনের ওপর ভিত্তি করে দুদক গত ১০ জানুয়ারি নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ এনামুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। অভিযোগে বলা হয়, এনামুল হকের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে। তাঁর অপর প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ লিমিটেড ও রাজশাহী সিটি করপোরেশনের মধ্যে বহুতল ভবন নির্মাণের চুক্তি হয়েছে।এর আগে ৯ মে স্পিকার আবদুল হামিদ বলেন, এনামুল হকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের এখতিয়ার দুদকের নেই। এই এখতিয়ার শুধু সংসদের। কোনো সাংসদ অভিযোগ উত্থাপন করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব।ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গ: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন বছরের সুবিধাজনক সময়ে ভোটার তালিকা হালনাগাদের যে সুপারিশ করেছে, গতকালের বৈঠকে তা নাকচ করা হয়। কমিশন প্রতিবছরের জানুয়ারিতে হালনাগাদ করার বিদ্যমান আইন বহাল রাখার পক্ষে।কমিশনের এই সিদ্ধান্তকে অনভিজ্ঞতাপ্রসূত বলে মন্তব্য করেছেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমরা পাঁচ বছরের অভিজ্ঞতা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বছরের সুবিধাজনক সময়ে ভোটার তালিকা হালনাগাদের আইন করার প্রস্তাব করেছিলাম। কারণ, সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের কারণে জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব নয়। তা ছাড়া জনবল ও কারিগরি সীমাবদ্ধতার কারণে সারা দেশের ভোটার তালিকা এক মাসের মধ্যে হালনাগাদ করাও সম্ভব নয়।’বর্তমান কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, বছরের সুবিধাজনক সময়ে হালনাগাদের বিধান থাকলে কমিশনের ওপর কোনো ধরনের চাপ থাকবে না। তাতে হালনাগাদ কাজ আগের মতোই ব্যাহত হবে। সে জন্য কমিশন বিদ্যমান আইন বহাল রাখতে চায়।