সাংসদ এনামুলের বিরুদ্ধে মামলার সুপারিশ
রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক যতন কুমার রায়। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে দুদকের পরিচালক নূর আহমদের কাছে এ প্রতিবেদন জমা দেন।
দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ২১৩ কোটি ৮০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং দুই কোটি ৮৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে সরকারদলীয় এ সাংসদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করা হয়েছে।
এর আগে সাংসদ এনামুলকে ৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন যতন কুমার রায়। এরপর তিনি ১০ সেপ্টেম্বর রমনা থানায় এনামুল হকের প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বিরুদ্ধে জিডি করেন। তাতে বলা হয়, এনামুল হকের বিরুদ্ধে প্রতিবেদন দিলে যতন কুমারকে ‘হাওয়া’ করে দেওয়া হবে বলে সাংসদের মালিকানাধীন এনা প্রপার্টিজের কর্মকর্তা কাঞ্চন দাস হুমকি দিয়েছেন।