সাংসদ এনামুলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি দুদকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এনামুল হকের সম্পদ অনুসন্ধানের পর তাঁর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের নিয়মিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দুদকের একটি সূত্র জানায়, এই সাংসদের বিরুদ্ধে ২১৩ কোটি ৮০ লাখ টাকার সম্পদ গোপন এবং দুই কোটি ৮৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলার সুপারিশ করা হয়। এ বিষয়ে গত ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেন অনুসন্ধান কর্মকর্তা যতন কুমার রায়। পরে এ বিষয়ে দুদকের দুই কমিশনার দুই রকম মতামত দেন। কমিশনার নাসির উদ্দিন আহমেদ অনুসন্ধান কর্মকর্তার সুপারিশ অনুযায়ী মামলা করার পক্ষে মত দেন। অপর কমিশনার মো. শাহাবুদ্দিন অভিযোগটি নথিভুক্ত করে এনামুল হককে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। এই দুই রকম মতামতের পর বিষয়টি গতকাল কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে উপস্থাপন করা হয়। বৈঠকে বিষয়টি নথিভুক্ত করার অভিমত যথার্থ কি না, সে ব্যাপারে পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে মো. শাহাবুদ্দিন বলেন, এনামুল হকের বিষয়টিতে দুদকের কিছু করার নেই। অনুসন্ধান কর্মকর্তা ব্যক্তিগত সম্পদ আর প্রাতিষ্ঠানিক সম্পদ একসঙ্গে মিলিয়ে ফেলেছেন। কর ফাঁকির যে বিষয় আছে, সেটা জাতীয় রাজস্ব বোর্ডের বিষয়। এটা দুদকের তফসিলের ভেতরে পড়ে না।