সাংসদ এনামের বিরুদ্ধে দুদকের অভিযোগ খতিয়ে দেখছে সংসদ
সরকারের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগদলীয় সাংসদ এনামুল হকের ব্যবসায়িক সম্পর্কের আইনগত বৈধতার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে সংসদ সচিবালয়। একই বিষয়ে আইনি দিক বিশ্লেষণের পর নির্বাচন কমিশন সচিবালয় তাদের মতামত-সংবলিত নথি চূড়ান্ত করেছে, যা কমিশনের আগামী বৈঠকে উপস্থাপন করা হবে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠির পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয় এই উদ্যোগ নিয়েছে।সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহ্ফুজুর রহমান প্রথম আলোকে বলেন, আইন বিশ্লেষণের পর সচিবালয়ের মতামতসহ তা শিগগির স্পিকারের কাছে উপস্থাপন করা হবে।গত ১০ এপ্রিল সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনকে দেওয়া দুদকের চিঠিতে বলা হয়, রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের ব্যবসায়িক প্রতিষ্ঠান নর্দার্ন পাওয়ার সল্যুশন লিমিটেড ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে। তাঁর অপর প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ লিমিটেড ও রাজশাহী সিটি করপোরেশনের মধ্যে বহুতল ভবন নির্মাণের চুক্তি হয়েছে। সরকারের সঙ্গে সাংসদের এই ব্যবসা গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী।নির্বাচন কমিশন সূত্র জানায়, দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের বৈঠকে উপস্থাপনের জন্য তৈরি করা নথিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(ট) ধারা অনুযায়ী, সরকারের সঙ্গে কোনো ব্যক্তির ব্যবসায়িক সম্পর্ক থাকলে তিনি সাংসদ নির্বাচিত হওয়ার এবং থাকার যোগ্য হবেন না।সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, একজন সাংসদ কোনো আইনের অধীন নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার অথবা থাকার যোগ্য হবেন না।