সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে আবার পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গতকাল রোববার জাতীয় পার্টির স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল ও উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকারের সমর্থকদের মধ্যে আবার পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। সাংসদের সমর্থকেরা উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ও বাসভবনে হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়। ঘটনার সময় আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন।আগের দিন শনিবার বদরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ তথা টেস্ট রিলিফ কমিটির (টিআর) সভায় টিআরের ভাগবাটোয়ারা নিয়ে সাংসদ আনিছুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তোলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ। এ নিয়ে সভায় হট্টগোলের পর সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ওই দিন দুপুরে উপজেলা পরিষদ মাঠে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় বদরগঞ্জ থানায় গত শনিবার রাতে মামলা করে দুই পক্ষ।সাংসদের পক্ষে মামলা করেন শিক্ষক শহিদার রহমান। মামলায় ইউপি চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমলেন্দু সরকারসহ ১০ জনকে আসামি করা হয়। অন্য মামলাটি করেন উপজেলা চেয়ারম্যানের সমর্থক ইসতিয়াক আহম্মেদ। এই মামলায় আসামি করা হয় বদরগঞ্জ পৌর কাউন্সিলর বাবলু মহন্ত, নূর মোহাম্মদ শেখ ও স্থানীয় পীরপাল কলেজের অধ্যক্ষ আমিনুল কবির প্রামাণিকসহ আটজনকে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ওই ঘটনার জের ধরে শনিবার রাতে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা শহরে মিছিল করে। দুই পক্ষে উত্তেজনা থাকায় গতকাল সকালে উপজেলা পরিষদ কার্যালয় ও উপজেলা চেয়ারম্যানের বাসভবনের সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। বেলা ১১টার দিকে উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার দলবল নিয়ে পরিষদের কার্যালয়ে যান। তিনি দাপ্তরিক কিছু কাজ করে জরুরি সভা করার কথা বলে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পরই সাংসদের সমর্থকেরা পুলিশি বাধা উপেক্ষা করে লাঠিমিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঢুকে পড়ে। তারা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে এবং উপজেলা পরিষদ মাঠে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে রংপুর র‌্যাব-৫-এর সদস্যরা উপজেলা পরিষদে অবস্থান নিলে সাংসদের সমর্থকেরা উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করে।দুপুর একটার দিকে উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা পৌর শহরে লাঠিমিছিল করে সাংসদের ভগ্নিপতি নাছিমুল গণির নির্মাণাধীন বাড়ির একটি ব্যানার পুড়িয়ে দেয়। এ ঘটনার পর সাংসদের সমর্থকেরা লাঠিমিছিল নিয়ে পৌর শহরে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে হামলা করে। তারা চেয়ারম্যানের বাসার অফিস কক্ষ ও বাসা-সংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে দাঙ্গা পুলিশ ও র‌্যাব সদস্যরা লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করেন। এ ঘটনায় পথচারী, দুই পক্ষের সমর্থকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।গুরুতর আহত বাবলু মিয়া, মজিবুল হক, ওমর আলী, একাব্বর হোসেন, হায়দার আলী, দোকান কর্মচারী রাসেল ও রিকশাচালক নজরুল ইসলামকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনার সময় আতঙ্কিত ব্যবসায়ীরা শহরের দোকানপাট বন্ধ করে দেন। পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ব্যাপারে ইউএনও রেজাউল আলম সরকার বলেন, ‘ওনারা জনপ্রতিনিধি। প্রশাসন ওনাদের কাছে নাথিং (কিছুই না)।’উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘সাংসদ আনিছুল ইসলাম বদরগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছেন। সন্ত্রাসী ও মাস্তান বাহিনী দিয়ে আমার অনুপস্থিতিতে বাসায় ও অফিসে হামলা চালিয়েছেন। আমার চেয়ারম্যানি খাবেন বলে হুমকি দিয়েছেন।’অভিযোগ অস্বীকার করে সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমাকে টিআর কমিটির সভায় অপমান করার প্রতিবাদে দলের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদে ইউএনওর কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল। সেখানে উপজেলা চেয়ারম্যানের লোকজন আমার দলের নেতা-কর্মীদের ওপর হামলা করে। এতে দলের সাতজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চেয়ারম্যান বাড়ি, অফিস নিজের লোকজন দিয়ে ভাঙচুর করিয়ে আমার লোকজনের ওপর দোষ চাপাচ্ছেন।’বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী বলেন, ‘এ ঘটনায় নতুন করে কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে গ্রেপ্তার করা হয়নি।’