সাংসদ ও ওসির বিরুদ্ধে দুই প্রার্থীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে বাধা ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ-সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থী। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে দুই চেয়ারম্যান প্রার্থী রমজান আলী ও মো. নুরুল আলম সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে হয়রানি করার জন্য দুই প্রার্থী স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকারের বিরুদ্ধে অভিযোগ আনেন। দুই প্রার্থী নিজেদের আওয়ামী লীগ-সমর্থিত বলে দাবি করেন। ২৮ অক্টোবর কাঞ্চনা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯ অক্টোবর রাতে চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের পক্ষে এলাকায় প্রচারণা চালানো হচ্ছিল। ওই সময় প্রচারণায় অংশগ্রহণকারী মুহাম্মদ খলিল, সরওয়ার কামাল ও মুহাম্মদ আবদুল আজিজকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে তাঁদের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা চুরির মামলা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০ অক্টোবর সকালে অটোরিকশার মালিক মোশতাক আহমেদকে থানায় নিয়ে যান চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম। মোশতাক আহমেদ গাড়ির সব কাগজপত্র পুলিশের কাছে উপস্থাপন করেন। এরপরও নুরুল আলমকে এই অটোরিকশা চুরির মামলায় আসামি করে পুলিশ। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় রয়েছে বলে দুই প্রার্থী আশঙ্কা প্রকাশ করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিনের মুঠোফেনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

আর সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার অভিযোগের বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ করার এখতিয়ার আমার নেই। তবে ১৯ অক্টোবর তিনজন নয়, মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। চারজনই অস্ত্রধারী সন্ত্রাসী। শান্তিপূর্ণভাবে নির্বাচন করার স্বার্থে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’