গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, বাড়িঘরে আগুন, লুটপাট ও তাদের হত্যার অভিযোগে গতকাল শনিবার দুপুরে আরও একটি মামলা হয়েছে। উপজেলার হরিণমারি নতুনপল্লী গ্রামের থোমাস হেমরম গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলায় স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল, সাপমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাকিল আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ৩৩ জনকে এবং অজ্ঞাত আরও ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে।
মামলা করার সময় বাদীর সঙ্গে ছিল আইন ও সালিশ কেন্দ্র (আসক), নিজেরা করি, এএলআরডি (অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট) এবং বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।
মামলার এজাহারে বলা হয়, সাংসদ আবুল কালাম আজাদ চিনিকলের জমিতে বাঙালি ও সাঁওতালদের আড়াই হাজার পরিবারের ঘর তোলার ব্যবস্থা করে দেন। খামারের জমি আগের মালিকদের ফিরিয়ে দিতে তিনি এবং সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আহমেদ সাঁওতালদের নিয়ে আন্দোলন গড়ে তোলেন। কিন্তু ইউপি নির্বাচনের পর সাংসদ ও চেয়ারম্যান সাঁওতালদের বিরুদ্ধে চিনিকলের কর্মী ও স্থানীয় জনগণকে খেপিয়ে তোলেন। সাংসদের নির্দেশে ৬ নভেম্বর চেয়ারম্যানসহ অর্ধসহস্র লোক সাঁওতালদের ওপর হামলা চালান। আউয়াল ও ইউএনও হান্নানের নির্দেশে সাঁওতালদের ওপর হামলা হয়। হামলা ও লুটপাটে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত সরকার বলেন, তদন্তে প্রমাণিত হলে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
বিলম্বে মামলা করার বিষয়ে বাদী থোমাস হেমরম বলেন, ‘আমাদের সবকিছু পুড়িয়ে দেওয়ায় আমরা আশ্রয় ও চিকিৎসার কাজে ব্যস্ত ছিলাম।’
চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের ৬ নভেম্বরের সংঘর্ষে ৩ সাঁওতাল নিহত হন। এ ছাড়া পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ১৬ নভেম্বর সাঁওতালদের পক্ষে একটি মামলা নেয় পুলিশ। স্বপন মুরমু বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাংসদ আবুল কালাম আজাদ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘মামলার কথা শুনেছি। কিন্তু ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল সাঁওতালদের উসকে দিচ্ছে।’
বিক্ষোভ মিছিল: সাংসদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় উপজেলা শহরে মিছিল ও মায়ামনির মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক কিছু সময় অবরোধ করে রাখেন।