রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় সাংসদ ও এক চেয়ারম্যান পদপ্রার্থীকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ওই সাংসদের নাম মো. জিল্লুল হাকিম। তিনি রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি। অন্যজন মৃগী ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শহীদুজ্জামান সাগর।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১৬ মে মৃগী বহুমুখী উচ্চবিদ্যালয়ে কর্মিসভার নামে ভূরিভোজের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংসদ কর্মিসভার নামে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
এ ঘটনায় ইসি সাংসদ ও চেয়ারম্যান প্রার্থীকে সতর্ক করে। এ-সংক্রান্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (স্টাফ ট্রেনিং) মোহাম্মদ রবিউল আলম স্বাক্ষরিত একটি চিঠি ফ্যাক্সযোগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা কার্যালয়ে পৌঁছায়।
গতকাল শুক্রবার সকালে নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী আল মাহমুদ সাংসদের পাংশা শহরের বাসভবনে চিঠিটি পৌঁছে দেন। ঘণ্টা খানেক পর চেয়ারম্যান প্রার্থীকে অন্য চিঠিটি পৌঁছে দেওয়া হয়। চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর নিজেই সেটি গ্রহণ করেন।
১৭ মে প্রথম আলোয় ‘কালুখালীতে আওয়ামী লীগ প্রার্থীর “নির্বাচনী ভোজ”’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘আচরণবিধি ভঙ্গ করা-সংক্রান্ত আমি কোনো চিঠি পাই নাই। আমি কোনো আচরণবিধিও ভঙ্গ করি নাই। আমি সন্ধ্যায় গিয়ে শুধুমাত্র কর্মিসভায় বক্তব্য দিয়েছি। খাওয়াদাওয়ার কোনো বিষয়ে আমি জানি না।’
কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, ‘রাতে পত্রটি পাওয়ার পর সকালে অফিস সহকারীর মাধ্যমে সেটি পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের কাছে পত্র দুটির রিসিভড কপি আছে।’
প্রসঙ্গত, মৃগী ইউনিয়নে শহীদুজ্জামান সাগরসহ ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যরা হলেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও বর্তমান চেয়ারম্যান বদর উদ্দিন সরদার, বিএনপির এইচ এম মোন্তাজ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আবদুল্লাহ আল মামুন এবং দুই স্বতন্ত্র প্রার্থী সরদার আহসান হাবীব ও শাহিনুল ইসলাম।
আজ শনিবার কালুখালী উপজেলার সাতটি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।