সাংসদ ও মেয়র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর দুজন অপর প্রার্থী ও স্থানীয় সাংসদের বিরুদ্ধে তাঁদের সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না বলে তাঁরা দাবি করেছেন।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কালিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগ-সমর্থিত একরামুল হক, এমদাদুল হক ও বিএনপি-সমর্থিত মো. গোলাম কিবরিয়া। তাঁদের মধ্যে একরামুল হক ও এমদাদুল হক আপন চাচাতো ভাই। কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার একই উঠানে দুজনের বসবাস। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের তৃণমূল পর্যায়ের ভোটে একরামুল জয়ী হন। তাঁদের আপন চাচাতো ভাই ও স্থানীয় সাংসদ কবিরুল হকের সমর্থনও রয়েছে তাঁর প্রতি।এমদাদুল হক অভিযোগ করেন, একরামুলকে বিজয়ী করার লক্ষ্যে সাংসদ নির্বাচনী জনসমাবেশ করছেন। একরামুল নিজের ও সাংসদের ছবিসংবলিত লিফলেট বিতরণ করেছেন। তাঁর পক্ষে যারা নির্বাচনী কাজ করতে যাচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি করতে গেলে থানা কর্তৃপক্ষ অভিযোগ নিচ্ছে না।বিএনপি-সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া গত সোমবার রাতে নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, একরামলুকে জয়ী করতে সাংসদ নির্বাচনী আইন লঙ্ঘন করলেও স্থানীয় প্রশাসন নিশ্চুপ রয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনী প্রচারণা চালাতে গেলে তাঁর সমর্থকদের হুমকিধমকি দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা থানায় জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।তবে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ কামরুজ্জামান বলেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। কোনো অভিযোগ নিয়ে কেউ থানায়ও আসেনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ত ম আবদুল্লাহেল বাকী এ বিষয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি সাংসদকে অবগত করা হয়েছে। সাংসদ কবিরুল হক বলেন, এখানকার আইনশৃঙ্খলাসহ নির্বাচনী পরিবেশ ভালো। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো নোংরা পরিবেশ সৃষ্টি করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। ভোটারদের মধ্যে কে বা কারা তাঁর ছবিসংবলিত লিফলেট বিতরণ করেছে, তা তাঁর জানা নেই। লিফলেটগুলো প্রত্যাহার করে নেওয়ার চেষ্টা চলছে।