সাংসদ ও মেয়র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ মো. তাজুল ইসলাম ও তাঁর সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা ১১টায় কুমিল্লা শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মেয়র পদপ্রার্থী আবুল কাশেম। সংবাদ সম্মেলনে আবুল কাশেম জানান, গত ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও লাকসাম উপজেলা আওয়ামী লীগের বড় অংশ তাঁকে দলীয় সমর্থন দেয়। কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্থানীয় সাংসদ মো. তাজুল ইসলাম উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামকে মনোনয়ন দেন। এরপর থেকে সাংসদ ও তাঁর সমর্থিত মেয়র পদপ্রার্থী একদল সন্ত্রাসী নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল আওয়ালের ওপর হামলা চালান। রফিকুল ইসলামের সহোদর জাহাঙ্গীর আলম ৪ জানুয়ারি গাজীমূড়ায় তাঁর নেতা-কর্মীদের ওপর হামলা চালান।সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস ভূঁইয়া বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ আবুল কাশেমকে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু সাংসদ তাজুল দুর্বল প্রার্থীকে নিয়ে মাঠে নেমেছেন। তাঁদের সন্ত্রাসী কার্যকলাপে ভোটাররা আতঙ্কিত। এ ক্ষেত্রে তাঁরা ইউএনও এবং থানার ওসিকে ব্যবহার করছেন।’জানতে চাইলে মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘আমিই আওয়ামী লীগের একক প্রার্থী। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মনোনয়নবঞ্চিতরা আওয়ামী লীগের হয়েও আমার ক্ষতি করছেন।’ সাংসদ মো. তাজুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আবুল কাশেম কোনোভাবেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নন। কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।’