সাংসদ ও শিক্ষকদের দ্বন্দ্বে পাঠদান বন্ধ এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে এক মাস আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও গাইবান্ধা-৪ আসনের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীর সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্বের জের ধরে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে কলেজটির দুই হাজার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সাংসদ মনোয়ার হোসেন বলেন, বেশির ভাগ শিক্ষক বিএনপিপন্থী। অচলাবস্থার জন্য তাঁরাই দায়ী। তার পরও পাঠদান চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ অভিযোগ করেন, নিয়োগ-বাণিজ্য করার জন্য শিক্ষক প্রতিনিধি ছাড়া সাংসদ তাঁর ছোট ভাই, ব্যক্তিগত সহকারী ও সমর্থকদের নিয়ে ‘পকেট’ পরিচালনা কমিটি গঠন করেছেন। নিয়ম লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন পছন্দের এক শিক্ষককে। এসব অনিয়মের কারণে সাংসদের সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্বের জের ধরে অচলাবস্থা চলছে।

সাংসদ বলেন, নিয়োগ-বাণিজ্যের জন্য পকেট কমিটি গঠনের অভিযোগ ভিত্তিহীন। শিক্ষক প্রতিনিধি নির্বাচন নিয়ে আদালতে মামলা থাকায় কমিটিতে শিক্ষক প্রতিনিধি রাখা সম্ভব হয়নি। বিধিমালা অনুযায়ী কমিটির সিদ্ধান্ত নিয়ে লোকবল নিয়োগ করা হয়েছে।

শিক্ষক প্রতিনিধি ছাড়া কমিটি গঠন ও বিধিবহির্ভূতভাবে পাঁচটি কলেজে সভাপতির দায়িত্ব পালনের অভিযোগে ২০১২ সালে সাংসদের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সাবেক শিক্ষক প্রতিনিধি মাফরুহা পারভিন।

মাফরুহা অভিযোগ করেন, উচ্চ আদালত কেন সভাপতির পদ অবৈধ করা হবে না মর্মে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে সাংসদের প্রতি রুল জারি করেছিলেন। তার পরও সাংসদ কমিটির কার্যক্রম চালিয়ে গত ২০ সেপ্টেম্বর ছয়জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেন। এ ঘটনার প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন শুরু করেন এবং ছাত্রলীগ কলেজ শাখা বিভিন্ন শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়। তখন থেকে পাঠদান বন্ধ রয়েছে।

এ নিয়ে ২৩ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ, ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগের অভিযোগ, সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।    

কলেজ সূত্রে জানা গেছে, বিধি অনুযায়ী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে লোকবল না থাকলে সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু সাংসদ জ্যেষ্ঠতার বিচারে সর্বকনিষ্ঠ শিক্ষক নারায়ণ চন্দ্র পালকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন।

নারায়ণ চন্দ্র বলেন, ‘এ জন্য আমি দায়ী নই। কমিটি আমাকে দুই মাসের জন্য অধ্যক্ষের দায়িত্ব দিয়েছে।’

জ্যেষ্ঠ শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘আমি তিন দফায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলাম। কিন্তু সাংসদের দল না করায় আমাকে দায়িত্ব দেওয়া হয়নি। ক্ষমতাসীন দলের সাংসদ বলে এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি।’

এ বিষয়ে সাংসদ মনোয়ার হোসেন বলেন, জ্যেষ্ঠ শিক্ষক গোলাম মোস্তফা একটি মামলার বাদী হওয়ায় তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়নি।