শিক্ষক নিয়োগে নারী কোটা লঙ্ঘন করার অভিযোগে রাজশাহীর দুর্গাপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী-৫ আসনের সাংসদ আবদুল ওয়াদুদের বিরুদ্ধে সহকারী জজ আদালতে মামলা হয়েছে।
মামলার বাদী নারী কোটায় চাকরিপ্রার্থী লাকী জেসমিন। তিনি গত ২১ জুলাই আদালতে অভিযোগ দায়ের করেন। শুনানি শেষে বিচারক গতকাল সোমবার মামলাটি আমলে নেন। এসে সাংসদসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক, শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি ও রাজশাহী কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অধ্যাপক সুভাষ চন্দ্র শীল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবদুল মান্নান ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন। বাকিরা নিয়োগ বোর্ডের সদস্য।
মামলায় অভিযোগ থেকে জানা যায়, ১২ জুলাই অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার জন্য শুধু দুই পুরুষ প্রার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়। এ কারণে নারী প্রার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেননি। ১৫ জুলাই দুই পুরুষ প্রার্থীর মধ্যে আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়।
জানতে চাইলে আবদুল মালেক প্রথম আলোকে বলেন, যোগ্য নারী প্রার্থী না থাকায় পুরুষকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কথা বলতে আবদুল ওয়াদুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।